স্থানীয় সরকারের সর্বস্তরের নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোয়নের বিষয়ে সরকার পরিকল্পনা নিয়েছে বলে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পুনরায় মত প্রকাশ করেছেন। পশ্চিমবাংলার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী আনিসুর রহমান এ মতের সমর্থন দিয়ে বলেছেন, এতে দল শক্তিশালী হয় এবং গণতন্ত্র মজবুত হতে পারে।গতকাল বুধবার বাংলাদেশ সফররত পশ্চিমবাংলার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উভয় নেতা এ কথা বলেন। সৈয়দ আশরাফ এ সময় বলেন, বাংলাদেশে স্থানীয় সরকারব্যবস্থায় দলীয়ভাবে প্রার্থী মনোনয়নের ব্যবস্থা না থাকায় দলীয় কোন্দল বাড়ছে, এক জায়গায় একাধিক প্রার্থী দাঁড়াচ্ছে। ফলে তৃণমূল থেকে আদর্শগতভাবে জাতীয় নেতৃত্ব ওঠে আসছে না। তবে পশ্চিমবাংলার মন্ত্রী বলেন, দলীয়ভাবে প্রার্থী মনোনয়নে সবকিছু দলীয়করণ করার মানসিকতাও জন্মায়। ফলে গ্রামপর্যায়ে নায্যপ্রাপ্তির ক্ষেত্রে বঞ্চনা তৈরি হয়। উভয় মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে উভয় দেশের মধ্যে যোগাযোগব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। সফররত মন্ত্রী বাংলাদেশের রেলযোগাযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে রেলযোগাযোগ উন্নত করতে রেলওয়ের আলাদা বিভাগ করতে সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে উভয় দেশের স্থানীয় সরকারব্যবস্থার সাংগঠনিক কাঠামো এবং উন্নয়ন পরিকল্পনা ও পদ্ধতি সম্পর্কে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এর ওপর বাংলাদেশের পক্ষে স্থানীয় সরকার সচিব মনজুর হোসেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রোকেয়া সুলতানা, পশ্চিমবাংলার পক্ষে যুগ্ম সচিব দীলিপ পাল বক্তব্য দেন। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) অশোক মাধব রায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর বক্তব্য দেন। পঞ্চায়েত মন্ত্রীর স্ত্রী রাজিয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবাংলার মন্ত্রী সাক্ষাৎ করেন। তিনি পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহারসহ সেখানে সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ বিদ্যুৎ সমস্যা, পদ্মা সেতু নির্মাণ ও রেলওয়ের উন্নয়ন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধের বিচার। এসব বিষয়ে উভয় দেশের স্বার্থে একযোগে কাজ করা উচিত বলেও তাঁরা একমত পোষণ করেন।