স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে অতীতে কখনো স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। পুলিশ ও বেসামরিক বাহিনী এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে। পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকাল মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। এর আগে তাঁর সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বৈঠক হয়। জানা গেছে, ওই বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনে মহাজোটের প্রার্থী-সমর্থনের কৌশল নিয়ে আলোচনা হয়।গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।প্রার্থী ঠিক করবে তৃণমূল কমিটি: বৈঠক সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের সমর্থনের বিষয়টি ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের তৃণমূলের কমিটিকে। এ ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে হস্তক্ষেপ করা হবে না। জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট সাংগঠনিক সম্পাদক সহায়তা করবেন। প্রার্থীদের সমর্থনের বিষয়ে কৌশল ঠিক করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দল-সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট এলাকার দলীয় সাংসদকে প্রার্থী ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে। জেলার ক্ষেত্রে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট এলাকার দলীয় সাংসদ ও মন্ত্রী প্রার্থীদের সমর্থনের কাজ করবেন।সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত হয় কোথাও দলের একাধিক প্রার্থী গ্রহণযোগ্য হবে না। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে তাৎক্ষণিকভাবে তাঁকে বহিষ্কার করা হবে। কোনো মন্ত্রী বা সাংসদকেও নিজের পছন্দের প্রার্থী দিতে দেওয়া হবে না। প্রার্থী-সমর্থনের ক্ষেত্রে তাঁদের প্রভাব বিস্তারের চেষ্টাও মেনে নেওয়া হবে না। এ ছাড়া মন্ত্রী বা সাংসদের আত্মীয়স্বজনকে প্রার্থী করতে দেওয়া হবে না। তবে যোগ্য কেউ থাকলে তা সংশ্লিষ্ট কমিটি বিবেচনা করবে।সূত্র জানায়, বৈঠকে অভিযোগ ওঠে, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া দলীয় শৃঙ্খলা মানছেন না। আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি দলের মতামতকে উপেক্ষা করে ছেলেকে প্রার্থী করতে চাইছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, এ ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা করা হবে।শরিকদের প্রতি উদারতা দেখানো হবে: সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রার্থী ঠিক করার ব্যাপারে মহাজোটের শরিকদের ক্ষেত্রে উদারতা দেখানো হবে। শরিক দলগুলোর যোগ্য প্রার্থী থাকলে তাঁকে সমর্থন দেওয়া হবে।বৈঠকে বলা হয়, অনেক স্থানে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ভালো থাকলেও যোগ্য প্রার্থী নেই। এ ক্ষেত্রে শরিক দলের প্রার্থী দেওয়া হবে। এমনকি মহাজোটের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষের যোগ্য কোনো প্রার্থী থাকলে তাঁর বিষয়টিও বিবেচনা করা হতে পারে। তবে মহাজোটের প্রার্থী কীভাবে ঠিক করা হবে, তা নিয়ে গতকাল আলোচনা হয়নি। কাল বৃহস্পতিবার সৈয়দ আশরাফ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন।বৈঠকে মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মিজবাহউদ্দিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে: বৈঠকের পরে সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, পৌরসভা নির্বাচনে আচরণবিধি নিয়ে তাঁরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন। বলা হচ্ছে, প্রচারণায় সভা-সমাবেশ করা যাবে না। বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে হবে। এটা হলে নির্বাচনে টাকাওয়ালাদের সুবিধা হবে। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে দলগত অংশ নেওয়ার সুযোগ না থাকায় মহাজোটগতভাবে প্রার্থী সমর্থন দেওয়া হবে। প্রাথমিকভাবে মহাজোটের শরিকদের সঙ্গে আলোচনা হয়েছে। আরও হবে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচনে আইনগত এবং মেয়াদ-সংক্রান্ত জটিলতায় কিছু পৌরসভার নির্বাচন হবে না। নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী, রংপুর এবং কুমিল্লা সিটি করপোরেশন হবে। সংসদের আগামী অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জ পৌরসভা ভোটারের দিক থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছাকাছি। গাজীপুর, টঙ্গী বরিশাল সিটি করপোরেশনের চেয়েও বড়। সুতরাং এগুলোকে সিটি করপোরেশন করা হবে।সৈয়দ আশরাফ আরও বলেন, ‘স্থানীয় নির্বাচনে প্রার্থী সমর্থনের বিধান আছে, মনোনয়ন দেওয়ার বিধান নেই। এটাই দেশের সংস্কৃতি। এ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নেওয়া যায় না। তবে আমরা স্থানীয় নির্বাচনে দলগতভাবে অংশ নেওয়ার বিধান করার চেষ্টা করছি। কারণ স্থানীয় সরকারের অতীত ইতিহাস সুখকর নয়। আইয়ুব খান স্থানীয় প্রতিনিধিদের ব্যবহার করে ক্ষমতাকে পাকাপোক্ত করেছিলেন। পরে জিয়াউর রহমানও একই নীতি অনুসরণ করেন। স্থানীয় সরকারকে সামরিক সরকারের বৈধতা দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।’এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন। কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়নি।