স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওয়েবসাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারা দেশের জেলা ও উপজেলার সার্বিক মানচিত্রসহ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের (এলজিইডি) ওয়েবসাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।জানা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও মানচিত্র ডাউনলোড করতে পারবে। এতে একদিকে প্রশাসনের কাজকর্মে সুবিধা হবে এবং অন্যদিকে মানুষও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। নতুন এই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.lged.gov.bd/viewmap.aspx।তিন বছরেরও বেশি সময় ধরে এলজিইডির প্রকৌশলী ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা কঠোর পরিশ্রম করে জেলা ও উপজেলার মানচিত্র উন্মুক্ত করে এই ওয়েবসাইটটি তৈরি করেন। এই মানচিত্রে প্রশাসনিক সীমানা, প্রশাসনিক সদর দপ্তর, সড়ক যোগাযোগ, গ্রোথ সেন্টার, হাটবাজার এবং শিক্ষা ও আর্থসামাজিক প্রতিষ্ঠানের ভৌগোলিক অবস্থানসহ সার্বিক নেটওয়ার্ক অন্তর্ভুক্ত থাকবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।উন্নয়ন প্রকল্প গ্রহণকালে পরিবেশ রক্ষার বিষয়টি মনে রাখার জন্য এলজিইডি প্রকৌশলীদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নদ-নদীর নাব্যতা রক্ষা করে সেতু নির্মাণের পরিকল্পনা করতে হবে। সেতু নির্মাণের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নদী যেন ক্ষতিগ্রস্ত না হয়।এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।