স্থানীয় সরকার সচিব ও বিসিএসআইআর চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়াসার পানি পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদন দাখিল না করায় হাইকোর্ট স্থানীয় সরকার সচিব মঞ্জুর হোসেন এবং বাংলাদেশে বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠানের (বিসিএসআইআর) চেয়ারম্যান ইমামুল হকের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন। আগামী ১৮ আগস্ট তাঁদের আদালতে সশরীরে হাজির করতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও ফারাহ মাহবুব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।গত ১৫ মার্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ রাজধানীর ওয়াসার পানিতে ক্যানসারের উপাদান টিএইচএম (ট্রাই-হেলোমেথেন) রয়েছে কি না, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পরীক্ষা করে, সেই প্রতিবেদন আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি রাজধানীর আটটি এলাকা থেকে ওয়াসার সরবরাহ করা পানি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান (বিসিএসআইআর) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) থেকে পরীক্ষা করে এ সংক্রান্ত প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়। কিন্তু বিএসটিআই প্রতিবেদন দাখিল করলেও বিসিএসআইআর প্রতিবেদন জমা দেয়নি।ওই আটটি এলাকা হলো ধানমন্ডি, লালবাগ, ইস্কাটন রোড, মোহাম্মদপুর, এলিফ্যান্ট রোড, গুলশান-বনানী, যাত্রাবাড়ী ও মগবাজার। কিন্তু আদালতের নির্দেশ পালন না করায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করে।