স্থানীয় সরকারকে ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছে
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘স্থানীয় সরকারকে ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছে। শিব গড়তে গিয়ে আমরা বানর গড়ে ফেলেছি। তিনি বলেন, এখনো সময় আছে। এসবের সংশোধনী জরুরি।’আজ সোমবার জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্থানীয় সরকার বিষয়ে আয়োজিত এক সেমিনারে রাশেদ খান মেনন এসব কথা বলেন। জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের মুখোমুখি দাঁড় করালেই গণতন্ত্র মজবুত হবে না, বরং দুর্বল হবে। তিনি সংবিধানের ৫৯-৬০ অনুচ্ছেদ অনুসারে নতুন সমন্বিত আইন তৈরি করার পরামর্শ দেন।হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হলে বিভিন্ন স্তরে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায়ন করতে হবে। স্থানীয় উপজেলা চেয়ারম্যানদের বরখাস্ত করার বিধান বাতিল করারও দাবি জানান তিনি।সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক, জাসদের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল।