নারীর সার্বিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চাইলে প্রথমেই জরুরি রাজনৈতিক ক্ষমতায়ন। আর সেটি শুরু করতে হবে একেবারে তৃণমূল পর্যায়ে। সে ক্ষেত্রে উপজেলা পরিষদে নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যানের ভূমিকা সবার আগে। ৩২৯টি উপজেলার নারী ভাইস চেয়ারম্যানদের চাওয়া-পাওয়া সফলতা-সীমাবদ্ধতা নিয়েই ৭ জুলাই ব্র্যাক ইউনিভার্সিটি ও আইজিএসের সহযোগিতায় যাত্রী আয়োজন করে ‘গণমাধ্যমের দৃষ্টিকোণ থেকে স্থানীয় সরকারে নারীর ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক। বৈঠকে উপজেলা পরিষদে নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যানদের ওপর জরিপ ফলাফল উপস্থাপন করেন দৈনিক সমকাল-এর সম্পাদকীয় বিভাগের প্রধান অজয় দাশগুপ্ত। তিনি ৪৮০টি উপজেলার মধ্যে ৩২৯টি উপজেলার ভাইস চেয়ারম্যানদের ১৮টি প্রশ্ন সংবলিত একটি ছকের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মতামত প্রকাশ করেন।মো. জাহাঙ্গীর আলমের চমৎকার সঞ্চালনার এই গোলটেবিলে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, প্রেস ইনস্টিটিউটের সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমের কর্মীরা।এ বৈঠকের সবচেয়ে আলোচিত অংশ ছিল স্থানীয় সরকারের উপজেলা পরিষদে নির্বাচিত সাভার ও গাজীপুর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া হক ও রিনা পারভীনের বাস্তব অভিজ্ঞতানির্ভর কথোপকথন। জরিপের ফলাফল হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যানদের নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে কাজ করা পর্যন্ত পরিবার, সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া সহায়তার পাশাপাশি অসহযোগিতার বিষয়টিও উপস্থাপিত হয়েছে। প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী উপজেলা পরিষদে নারী নেতৃত্বের ক্ষমতা ও দায়িত্ব বিষয়ে আলোচনা করেন এবং তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বকে স্বাগত জানান।