স্থানীয় সরকারের ওপর খবরদারি নয়: আকবর আলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, স্থানীয় সরকারের ক্ষমতা পল্লি অভিজাতেরা কুক্ষিগত করে রাখেন। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের প্রাপ্য সুযোগসুবিধা পায় না। এ অবস্থা উত্তরণে তৃণমূল পর্যায় থেকেই প্রতিরোধ গড়ে তোলা এবং শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে সুনাগরিক ও সুশাসন প্রকল্প ‘অ্যাকটিভ সিটিজেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবল লোকাল গভর্নমেন্ট’ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সভায় আকবর আলি খান এ আহ্বান জানান। ব্র্যাক সেন্টার ইনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রান্তিক উন্নয়নের জন্য স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে আকবর আলি খান বলেন, প্রতিষ্ঠান যত ছোট হয়, গরিব মানুষের কণ্ঠ সেখানে তত বেশি পৌঁছায়। গরিব মানুষের ক্ষীণ কণ্ঠস্বর কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছায়। এ জন্য ক্ষমতা যত নিচের দিকে নিয়ে যাওয়া যাবে এবং যত নিচের দিকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যাবে, তত জনসাধারণকে খুশি করার প্রয়াস থাকবে। আর যত উপরে যাবে, উন্নয়ন উদ্যোগ তত জনবিচ্ছিন্ন হয়ে যাবে। তবে তিনি স্থানীয় সরকারের দুটি দুর্বলতা তুলে ধরেন। এর একটি হলো কেন্দ্রীয় সরকার থেকে ক্ষমতা নিয়ে স্থানীয় সরকারের হাতে কুক্ষিগত করে রাখা, জনগণের কাছে না নিয়ে যাওয়া। অন্যটি হলো স্থানীয় সরকার পল্লি অভিজাতদের হাতে কুক্ষিগত থাকে।আকবর আলি খান আরও বলেন, স্থানীয় সরকারের ওপর খবরদারি নয়, তৃণমূলকে জাগাতে হবে। প্রশিক্ষিত করতে হবে; প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা তৈরি করতে হবে। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল প্রমুখ আলোচনায় অংশ নেন।