স্থানীয় সরকারের ক্ষমতা অভিজাতদের কুক্ষিগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, স্থানীয় সরকারের ক্ষমতা পল্লি অভিজাত ব্যক্তিরা কুক্ষিগত করে রাখেন বলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা পায় না। এ অবস্থা থেকে উত্তরণে তিনি তৃণমূল পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা এবং শক্তিশালী সংগঠন গঠনের আহ্বান জানান।বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে সুনাগরিক ও সুশাসনবিষয়ক প্রকল্প ‘অ্যাকটিভ সিটিজেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবল লোকাল গভর্নমেন্ট’ (সক্রিয় নাগরিক ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার) নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভায় আকবর আলি খান এ আহ্বান জানান। গতকাল সোমবার ব্র্যাক সেন্টার ইনে এর আয়োজন করা হয়।প্রান্তিক উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে খুবই গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে আকবর আলি খান বলেন, ‘প্রতিষ্ঠান যত ছোট হয়, গরিব মানুষের কণ্ঠ সেখানে তত বেশি পৌঁছায়। গরিবের ক্ষীণ কণ্ঠস্বর কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছায় না।’ তিনি স্থানীয় সরকারের দুটি দুর্বলতা তুলে ধরেন। এর একটি হলো কেন্দ্রীয় সরকার থেকে ক্ষমতা নিয়ে জনগণের কাছে না গিয়ে স্থানীয় সরকারের হাতে কুক্ষিগত করে রাখা এবং অন্যটি হলো স্থানীয় সরকারের পল্লি অভিজাত ব্যক্তিদের হাতে কুক্ষিগত থাকা।আকবর আলি খান এই সংকট কাটাতে তৃণমূলকে জাগিয়ে তুলে প্রতিরোধ গড়ে তোলায় সক্ষম করার পরামর্শ দেন।সুশাসনের জন্য নাগরিক—সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অধিকার আদায় করে নিতে হয়। এর জন্য জনগণকে সক্রিয় হতে হবে।স্থানীয় সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের ‘সদিচ্ছার অভাব’কে বাধা হিসেবে চিহ্নিত করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। তিনি আরও বলেন, স্থানীয়ভাবে কর আদায় করে স্থানীয় সরকার আর্থিক স্বনির্ভরতা অর্জন করতে পারে। এটি হলে স্থানীয় সরকার অনেক স্বাধীনভাবে কাজ করতে পারবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ব্র্যাকের প্রকল্পটির স্থানীয় কমিটিগুলোতে যাতে সাংসদদের লোকজন ঢুকে না যায়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। গণমাধ্যমকে সহযোগী শক্তি হিসেবে কাজে লাগানোরও পরামর্শ দেন তিনি। অন্যদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিলারা চৌধুরী, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ব্যবস্থাপক কাজী নজরুল ফাত্তাহ প্রমুখ বক্তব্য দেন।সুনাগরিক ও সুশাসন প্রকল্পটি যশোর ও বগুড়া জেলার ১০টি উপজেলায় পরিচালিত হয়েছে। এসব এলাকায় এক হাজার ২৫৭ জন নির্বাচিত ইউনিয়ন পরিষদ প্রতিনিধি এবং ৩০০ পল্লিসমাজ ও ৩০০ সিটিজেন কমিটি এই প্রকল্পে সংশ্লিষ্ট থেকে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে।