স্থানীয় সরকারের পর সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে জাতীয় পার্টি
সরাসরি সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি ও বিকল্পধারা বাংলাদেশ। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি প্রয়োগ করার সুপারিশ করেছে দল দুটি।আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) আইন সংস্কারসংক্রান্ত সংলাপ অনুষ্ঠানে জাতীয় পার্টি ও বিকল্পধারা এ মত দেয়।আজ বিকেলে সংলাপ অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, বড় একটি দল ইভিএম পদ্ধতি ব্যবহারের প্রস্তাব নাকচ করে দিয়েছে। এ নিয়ে এখন বিতর্ক চলছে। জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার করা যেতে পারে। তবে তার আগে স্থানীয় সরকার নির্বাচনে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি প্রয়োগ করে এর কার্যকারিতা যাচাই করা যেতে পারে।ইভিএমের ব্যাপারে দেশের মানুষের স্বচ্ছ কোনো ধারণা নেই বলে মন্তব্য করেন এরশাদ। তিনি বলেন, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে নির্বাচন করা সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আদালতের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার সুযোগ নেই। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন ও শক্তিশালী ইসি গঠন করতে হবে।এ ছাড়া জাতীয় পার্টির লিখিত প্রস্তাবে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব না দিয়ে মন্ত্রণালয়ের উপসচিবদের এ পদে নিয়োগের সুপারিশ করা হয়।জাতীয় পার্টির প্রতিনিধিদলে বেসামরিক বিমানমন্ত্রী জি এম কাদের, সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সাংসদ মুজিবুল হক, কাজী ফিরোজ রশীদসহ নয়জন সদস্যের প্রতিনিধি সংলাপে অংশ নেন।সংলাপে কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত, ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে আজ সকালে বিকল্পধারা বাংলাদেশ সংলাপে অংশ নেয়। তারাও স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে। কাল বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপ অনুষ্ঠানের কথা রয়েছে।