জামায়াত-শিবিরের সহিংসতা স্থানীয় সরকারের ক্ষতি ৩০ কোটি টাকা
স্থানীয় সরকারের ৩৫ দপ্তরে আগুন, ভাঙচুর
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে গত ৫ নভেম্বর থেকে সহিংস প্রতিবাদ শুরু করে জামায়াত-শিবির। পুলিশের ওপর হামলা দিয়ে যার শুরু, তা এখন সরকারি দপ্তর, থানা, শিক্ষাপ্রতিষ্ঠান, মানুষের গাড়ি-বাড়ি, দোকানপাট, সংখ্যালঘুর অস্তিত্ব ছাড়িয়ে গাছ নিধন পর্যন্ত বিস্তৃত। চার মাস ধরে চলা সহিংসতার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির খতিয়ান এর ভয়াবহতাকে তুলে ধরেসাম্প্রতিক সহিংসতায় দেশের ছয়টি বিভাগের স্থানীয় সরকারপ্রতিষ্ঠানে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জামায়াত-শিবির এবং কোথাও কোথাও বিএনপির নেতা-কর্মীরা এই সহিংসতা চালিয়েছেন।স্থানীয় সরকার বিভাগে পাঠানো বিভাগীয় কমিশনারদের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, দেশের প্রায় ২৫টি উপজেলায় ‘দুষ্কৃতকারীরা’ প্রায় ৩৫টি সরকারি দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। হামলায় এসব কার্যালয়ের গাড়ি, আসবাবপত্র, কম্পিউটার, বৈদ্যুতিক সরঞ্জাম, দলিলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকার।এ ছাড়া রাস্তায় ব্যারিকেড দেওয়ার নামে বিভিন্ন জেলায় গাছ কাটা ও রাস্তা খোঁড়ার কারণে রাষ্ট্রের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সরকারি কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দেওয়ায়, যার হিসাব টাকার অঙ্কে উল্লেখ করা যায়নি সরকারি প্রতিবেদনে।এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সারা দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ সিটি করপোরেশনের অধীনে থাকা ক্ষতিগ্রস্ত বিভিন্ন কার্যালয় দ্রুত মেরামত করার নির্দেশ দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছে। চিঠিতে দুই সপ্তাহের মধ্যে উচ্চপর্যায়ের প্রতিনিধি নিয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করে সংস্কারের নির্দেশ দেওয়া হয়।জানতে চাইলে স্থানীয় সরকারসচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান প্রথম আলোকে বলেন, এটা শুধু সরকারি হিসাব। বেসরকারি অনেক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিমাণ টাকার অঙ্কে অনেক বেশি। সচিব আরও বলেন, এ ধরনের তাণ্ডব ন্যক্কারজনক। অনেক ক্ষতি টাকা দিয়েও পূরণ করা সম্ভব নয়।সূত্র জানায়, সাম্প্রতিক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের তিন উপজেলা। সেখানে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিষদ, প্রকৌশলীর কার্যালয়, পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার গুদাম, টেলিফোন এক্সচেঞ্জের আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে।প্রতিবেদনে চট্টগ্রাম বিভাগে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে এক কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে বাঁশখালী পৌরসভায় ক্ষতি সাড়ে তিন লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই লাখ ৪২ হাজার ১৭৯ টাকা। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দুই লাখ ৪১ হাজার ৯৪৮ টাকা এবং কক্সবাজারের কুতুবদিয়া ও সদর উপজেলায় ৯৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে সিলেটে ক্ষতির পরিমাণ বলা হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার টাকা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান ফটক ও শহীদ মিনারের সামনের সীমানার গ্রিল ভেঙে দেওয়া হয়েছে। রাজশাহী বিভাগের প্রতিবেদনে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা পরিষদে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে এক কোটি ২০ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। জয়পুরহাট উপজেলার কালাই উপজেলায় ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের দরজা, জানালা, বৈদ্যুতিক সরঞ্জাম, কম্পিউটার ভাঙচুরে ক্ষতি হয়েছে তিন লাখ টাকা।খুলনার ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২২ লাখ ৩৩ হাজার টাকা বলে প্রতিবেদনে বলা হয়েছে। ঝিনাইদহ জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন রাস্তায় গাছ নিধনে ক্ষতি ৫০ লাখ এবং মহেশপুর উপজেলায় ক্ষয়ক্ষতি ধরা হয়েছে ১০ লাখ টাকা।সাতক্ষীরার কলারোয়াসহ কয়েকটি উপজেলায় গাছ নিধনসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে এক কোটি ১০ লাখ টাকা। রংপুর বিভাগের গাইবান্ধা জেলার তিন উপজেলায় সহিংসতায় প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকারপ্রতিষ্ঠানে হামলার কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হবে জনগণকে। নথিপত্র খুঁজে না পাওয়া গেলে জরুরি অনেক কাজ আটকে থাকবে। বিশেষ করে উপজেলা পরিষদ কার্যালয়ে অনেক পুরোনো কাগজপত্র ছিল, যা পুড়িয়ে দেওয়ার কারণে সরকারি কর্মচারীদেরও অনেক সমস্যা পোহাতে হবে।তোফায়েল আহমেদ আরও বলেন, প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার। কিন্তু সরকারি দপ্তর, রাষ্ট্রীয় দলিলপত্র পুড়িয়ে দেওয়া প্রতিবাদের ভাষা হতে পারে না। এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল বলেও মনে করেন তিনি।