স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেবে মহাজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয়ভাবে আলোচনা করে পৌরসভা নির্বাচনে প্রার্থী সমর্থন করবে মহাজোট। শরিক দলের কোনো প্রার্থী অধিকতর জনপ্রিয় হলে সংশ্লিষ্ট পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হবে না। এ ক্ষেত্রে ১৪ দল ও জাতীয় পার্টি স্থানীয়ভাবে প্রার্থী ঠিক করবে। স্থানীয় নির্বাচন বলে এ নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার সম্ভাবনা কম। তা ছাড়া কিছু এলাকায় কৌশলগত কারণে মহাজোটের একাধিক প্রার্থী থাকতে পারেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত সমঝোতার উদ্যোগ চলবে। ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এ সময়ের মধ্যে আলোচনা করে প্রার্থী সমর্থন করা সম্ভব হবে বলে মনে করছেন মহাজোটের নেতারা। সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং তৃণমূলের মধ্যে যোগসূত্র হিসেবে দলীয় সাংগঠনিক সম্পাদকেরা ভূমিকা রাখবেন। এ ছাড়া শরিক দলের জনপ্রিয় প্রার্থীকে ছাড় দিতে আওয়ামী লীগের নীতিগত সমর্থন আছে। গতবার জয় পেয়েছেন, এমন চারটি পৌরসভা ছাড়াও বেশ কিছু পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।সূত্র জানায়, আনুষ্ঠানিক বৈঠক না হলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে ভেতরে ভেতরে কথাবার্তা হচ্ছে। এরই মধ্যে জাতীয় পার্টি দেড় শতাধিক পৌরসভার একটি তালিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কাছে দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে তালিকাভুক্ত প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে।জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের সময়ের মধ্যেই একটা সমঝোতায় পৌঁছানো যাবে। একইভাবে মাহবুব উল আলম হানিফ বলেন, শরিক দলের নেতারা এলাকাভিত্তিক আলোচনা করে প্রার্থী ঠিক করবেন।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শুক্রবার এক অনুষ্ঠানে বলেছেন, সমঝোতা না হলে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে। তবে সমঝোতা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। প্রথম আলোকে তিনি জানান, তাঁরা একটি তালিকা দিয়েছেন। তবে আগের চারটিসহ আরও কিছু পৌরসভা দিলেই তাঁর দল মেনে নেবে।এদিকে আওয়ামী লীগ এককভাবে দলীয় প্রার্থী ঠিক করতে গিয়ে হিমশিম খাচ্ছে। প্রার্থী সমর্থনের জন্য কেন্দ্র থেকে একটি মানদণ্ড ঠিক করে দেওয়া হলেও অনেক স্থানেই কিছু প্রার্থী তা মানতে চাচ্ছেন না। অনেক পৌরসভায় তিন-চারজন প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিচ্ছেন। তবে কিছু পৌরসভায় তৃণমূলের ভোটে একক প্রার্থী ঠিক হচ্ছে।চট্টগ্রাম বিভাগে ৫৭টি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা। বেশ কিছু পৌরসভায় একক প্রার্থী ঠিক করা হয়েছে। তবে চাঁদপুরের ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, নোয়াখালী সদর, লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রামগতি, রায়পুর, কক্সবাজার সদর, পটিয়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভায় প্রার্থী সমর্থন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এসব পৌরসভায় একাধিক প্রার্থী রয়েছেন। এ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘একজন প্রার্থী ঠিক করা কঠিন। তবে চেষ্টা করছি। আমরা নানাভাবে পরামর্শ দিচ্ছি, হস্তক্ষেপ করছি না।’খুলনা বিভাগের ৩৩টি পৌরসভায় নির্বাচন হবে। এ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, তাঁর বিভাগে সব পৌরসভায় আলোচনার মাধ্যমে একক প্রার্থী ঠিক করা হয়েছে। তবে একটি সূত্রে জানা গেছে, খুলনা বিভাগে পাঁচ-ছয়টি পৌরসভায় প্রার্থী নিয়ে জটিলতা ছিল। কেন্দ্রীয় হস্তক্ষেপে তা নিরসন হয়েছে। রাজশাহী বিভাগে ৫১টি পৌরসভায় নির্বাচন হবে। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রথম আলোকে বলেন, অর্ধেক পৌরসভায় একক প্রার্থী ঠিক হয়ে গেছে। বাকিগুলো মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমার মধ্যেই ঠিক করা সম্ভব হবে। সিলেট বিভাগের বেশির ভাগ পৌরসভার প্রার্থী ঠিক হয়ে গেছে বলে জানা গেছে। তবে ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের বেশির ভাগ পৌরসভায় জটিলতা আছে।