সংবিধান সংশোধন বিষয়ে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।স্থায়ী কমিটির প্রতিবেদনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কার্যক্রম সম্পর্কে উল্লেখ না থাকায় গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সাজেদা চৌধুরী ক্ষোভ প্রকাশ করেন।বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ কথা জানা গেছে। সাজেদা চৌধুরী ওই বিশেষ কমিটির চেয়ারপারসন ছিলেন। সংসদে প্রতিবেদন দাখিলের পর ওই বিশেষ কমিটি আপনাআপনি বিলুপ্ত হয়ে গেছে।সূত্র জানায়, আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, স্থায়ী কমিটির প্রতিবেদনে বিশেষ কমিটির কার্যক্রম সম্পর্কে কিছু উল্লেখ নেই। অথচ গত ১১ মাস বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তথা রাজনৈতিক দল, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছে। এ কমিটির সুপারিশের ভিত্তিতেই স্থায়ী কমিটি প্রতিবেদন উপস্থাপন করেছে। সাজেদা চৌধুরী বলেন, আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে বিশেষ কমিটির কাজের বিবরণ থাকলে বিএনপি ‘তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করা হচ্ছে’ বলে অভিযোগ করতে পারত না। আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের পক্ষে ফজলে রাব্বী গত বুধবার সংসদে প্রতিবেদন উপস্থাপন করেন। অবশ্য পরে সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে উপস্থিত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। সূত্র জানায়, বুধবার স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপনের পরপরই সৈয়দা সাজেদা চৌধুরী কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর কাছে বিশেষ কমিটির কার্যক্রম উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি ওই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে অসন্তোষ ও ক্ষোভের কথা জানান।সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস উপলক্ষে গতকাল সকালে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন বিলে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সাংসদদের অবহিত করেন। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তকারী সংবিধানের পঞ্চদশ সংশোধন বিল, ২০১১ পাসের পর বিরোধী দলের সম্ভাব্য আন্দোলন-সংগ্রাম মোকাবিলায় করণীয় সম্পর্কেও বৈঠকে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।