স্থায়ী কমিটির সভাপতির প্রতিষ্ঠান পেল ১১ কোটি টাকার কাজ
বাংলাদেশ রেলওয়েতে ১১ কোটি ৩৫ লাখ নয় হাজার ২৬৬ টাকার মালামাল সরবরাহের কাজ পেয়েছে দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জাতীয় সংসদের যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের। রেলওয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান।জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৮৮ ধারা মোতাবেক আর্থিক, প্রত্যক্ষ ও ব্যক্তিগত স্বার্থ বিবেচিত হতে পারে, এমন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সাংসদকে কমিটির সদস্য করা যাবে না। ফলে নিজের প্রতিষ্ঠানের নামে সরকারের কাছ থেকে সাংসদ মুজিবুর রহমানের প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নেওয়া কার্যপ্রণালি বিধির পরিপন্থী। নির্বাচন কমিশনে সংরক্ষিত সাতক্ষীরা-১ আসনের সাংসদ শেখ মুজিবুর রহমান হলফনামা অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠান দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেডের পরিচালক।রেল বিভাগে মালামাল সরবরাহের কাজ পাওয়া সম্পর্কে সাংসদ শেখ মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি সাংসদ হওয়ার পর দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেডের পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছি। বর্তমানে আমার সঙ্গে ওই প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।’তবে শেখ মুজিবুর রহমান জানান, এখন তাঁর ছেলে প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক। সাংসদ বলেন, প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলকভাবে দরপত্র জমা দিয়ে কাজ পেয়েছে। তাতে দোষের কী আছে! কার্যাদেশে দেখা গেছে, সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের আধুনিকায়ন প্রকল্পে মালামাল সরবরাহের জন্য প্রতিষ্ঠানটি ২০১০ সালের ১৯ এপ্রিল দরপত্র জমা দেয়। এর বিপরীতে একই বছরের ১৫ জুন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরে দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়। দরপত্রের শর্তানুযায়ী প্রতিষ্ঠানটি রেলওয়েকে বৈদ্যুতিক মালামাল সরবরাহ করবে এবং তা যথাস্থানে লাগিয়ে দেবে।সূত্র জানিয়েছে, এই প্রকল্পে ১২২ কোটি টাকার পাঁচটি প্যাকেজ রয়েছে। এর মধ্যে তিনটি প্যাকেজের ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে রেল বিভাগের চুক্তি হয়েছে। এই তিনটি প্যাকেজের একটির কাজ পেয়েছে যোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠান। বাকি দুটি প্যাকেজের কাজ এখনো প্রক্রিয়াধীন রয়েছে।সূত্র জানায়, মালামাল সরবরাহের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই প্রতিষ্ঠানটি আগে কখনো রেলে মালামাল সরবরাহের কাজ করেছে কি না, সে সম্পর্কে রেলের কর্মকর্তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানি না। আমি এ সম্পর্কিত মূল্যায়ন কমিটিতেও ছিলাম না।’