স্থায়ী ক্যাম্পাসের দাবি, প্রাইম ইউনিভার্সিটিতে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এক নম্বরে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজ রোববার বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালিয়েছে। একই দাবিতে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। কিন্তু এ সময় অতিবাহিত হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। জমি কেনা হয়েছে ও জমির চুক্তিনামা হয়েছে, এই মর্মে কর্তৃপক্ষ কয়েকটি পত্রিকায় বিজ্ঞাপন ও ব্যানারের মাধ্যমে প্রচারণা চালায়। অথচ তা ছিল ভুয়া।শিক্ষার্থীরা আরও জানান, এ নিয়ে তাঁরা চার-পাঁচবার আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আজ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের ভর্তিকক্ষ, উপ-রেজিস্ট্রারের কার্যালয়সহ বিশ্ববিদ্যালয়ের দুটি গাড়ি ভাঙচুর করেন। তাঁরা সড়কের সমানে এসে ঢিল ছুড়ে বিশ্ববিদ্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে।যোগাযোগ করা হলে প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফুল্ল চন্দ্র সরকার বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ সত্য নয়। কর্তৃপক্ষ ইতিমধ্যে মিরপুর মাজার রোড এলাকায় একটি জমির মালিকের সঙ্গে চুক্তিনামা করেছে। তবে সেই জমিটি তিন বিঘার চেয়েও কম। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আনুভূমিকভাবে না বাড়িয়ে উল্লম্বভাবে বাড়ানো যায় কি না, তা নিয়ে আগামীকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে একটি সমঝোতা বৈঠক হবে।’পত্রিকায় বিজ্ঞাপনের ব্যাপারে প্রফুল্ল চন্দ্র সরকার বলেন, ‘চুক্তিনামা হওয়ার পর ওই জমির মালিকানা আর কেউ দাবি করে কি না, তা যাচাইয়ের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা সরাসরি আমার সঙ্গে কথা বললে এ ধরনের ঝামেলা হতো না।’ঘটনার পেছনে কারও ইন্ধন থাকতে পারে বলেও মন্তব্য করেন উপাচার্য প্রফুল্ল চন্দ্র সরকার।