স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী জামিন পেয়েছেন। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ-সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন। ২০০৮ সালের ২৯ আগস্ট ওই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়। একই সঙ্গে ওই মামলায় কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় ঘোষণা করেন আদালত। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এর মধ্যে খালেদা জিয়ার জামিনের মেয়াদ ছয়বার বাড়ানো হয়েছে। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ তাঁকে স্থায়ী জামিন দেন। এর আগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) বিএনপির চেয়ারপারসনসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন।