শরীয়তপুরে নৌপরিবহনমন্ত্রী
স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরে সেনাবাহিনী থাকবে
সরকারের ইচ্ছায় নয়, শ্রমিকনেতাদের অনুরোধে পরিস্থিতি সামাল দিতেই চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েন করা হয়েছে। ২৭ অক্টোবর বন্দরে শ্রমিক, মালিক ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সভা শেষে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। তবে সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরে সেনাবাহিনী মোতায়েন থাকবে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় বাস টার্মিনাল মিলনায়তনে শরীয়তপুর জেলা বাস ও মিনিবাস মালিক পক্ষের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, কিছু স্বার্থান্বেষী শ্রমিকনেতা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য চট্টগ্রাম বন্দরে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করেছিল।পদ্মা সেতু ও নদী খনন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী মার্চের মধ্যে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজের লক্ষ্যে পদ্মা পারাপারের জন্য মাওয়া ঘাটে ওয়াটার বাস সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার। শিগগিরই ১১টি নতুন ড্রেজার মেশিন দিয়ে নদী খননের কাজও শুরু করা হবে।