স্থূলকায় সহযাত্রী, দাঁড়িয়ে সাত ঘণ্টার বিমান ভ্রমণ!
টিকিট কেটেছেন একটি, অথচ বসেছেন দুটি সিট নিয়ে। স্থূলকায় দেহের কারণে নিজের সিট ছাড়িয়ে পাশের সিটটিও যে তিনি দখল করে বসে আছেন, তাঁর আর সেই খেয়াল নেই। তাই তাঁর পাশের সিটের টিকিটধারী যাত্রীটি পড়ে গেছেন বেকায়দায়। নিজের সিটে বসার এতটুকুও সুযোগ না পেয়ে অগত্যা পুরো রাস্তা দাঁড়িয়ে ভ্রমণ করেন ব্যবসায়ী আর্থার বারকোয়েজ (৫৭)। খোদ যুক্তরাষ্ট্রে যখন এমন ঘটনা ঘটে, তখন বিস্মিতই হতে হয়।বিমানে আলাস্কা থেকে ফিলাডেলফিয়া যেতে সময় লাগে প্রায় সাত ঘণ্টা।নিউইয়র্ক পোস্ট জানায়, আলাস্কার অ্যাংকরেজ থেকে ভ্রমণের সময় ১৮১ কেজি ওজনের ওই মোটা যাত্রী বসার পর আর্থার বারকোয়েজের বসার জন্য সামান্য জায়গা ছিল।বারকোয়েজ বলেন, ‘শেষ ব্যক্তি হিসেবে বিমানে ওই মোটা ব্যক্তি ওঠেন এবং আমার কাছে এসে বলেন—আমি সত্যিই ক্ষমাপ্রার্থী কারণ আমি আপনার সবচেয়ে খারাপ ভ্রমণসঙ্গী।’বিমানে অন্য কোনো আসন খালি না থাকায় বসার সুযোগ পাননি বারকোয়েজ। বিমানের মধ্যে তাই পায়চারি করেই কাটাতে হলো তাঁকে। তবে কিছুটা অর্থ ফেরত পেয়েছেন তিনি। প্রথমে খরচ হিসেবে দিয়েছিলেন ৮০০ ডলার, পরে কর্তৃপক্ষের কাছ থেকে ২০০ ডলার ফেরত পান তিনি।