স্থূলতা কমাতে মেক্সিকোর উদ্যোগ (ভিডিও)
মেক্সিকোয় স্থূলকায়দের সংখ্যা বাড়ছে। দেশটিতে স্থূলদের সংখ্যা তিন কোটি ৭০ লাখ। সে দেশের সরকার স্থূলতা কমাতে নিয়েছে বিভিন্ন পদক্ষেপ।যারা খুব বেশি মোটা, তাদের বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে মেক্সিকোর একটি ক্লিনিকে। এ ছাড়া বিনামূল্যে তাদের অস্ত্রোপচারও করা হচ্ছে। মেক্সিকোর স্থূলকায় এক রোগী ক্লডিয়া রদ্রিগেজ বলেন, কীভাবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, তা মেক্সিকোর বাসিন্দাদের জানতে হবে। রদ্রিগেজ আরও বলেন, ‘যখন মোটা ছিলাম, তখন আমি অল্পতেই ক্লান্ত হয়ে পড়তাম। এমনকি খেতেও অস্বস্তি হতো। কিন্তু এখন অনেকটা স্বস্তি পাই। সমাজেও চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’
ক্লিনিকের চিকিত্সক ফ্রান্সিসো তাম্পোস জানান, অস্ত্রোপচারই স্থূলতা রোধের একমাত্র উপায় নয়। এ জন্য জীবনযাত্রাতেও কিছুটা পরিবর্তন আনতে হবে। শরীরচর্চা, গাড়ি চালানো, হাঁটা—এসবের অভ্যাস করলেই স্থূলতা রোধ করা সম্ভব। আরেক রোগী মারিসুলা মোরে বলেন, ‘আমি ৪৬ কেজি ওজন কমিয়েছি। এখন আমি অনেকটা ভালো বোধ করছি। স্থূলতা কমাতে মেক্সিকোর স্কুলের ক্যান্টিনগুলো থেকে ফাস্ট ফুড ও কোমল পানীয় বাতিল করা হয়েছে।’