প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বিষয়বস্তুর মান বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এসব শিক্ষার্থীর জন্য বিদ্যমান পাঠ্যক্রমকে বয়সের তুলনায় বিরাট বোঝা হিসেবে অভিহিত করে তিনি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির আয়তন কমানোরও নির্দেশ দেন, যাতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজ অথচ কার্যকর মানের শিক্ষালাভ নিশ্চিত হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। খবর বাসস ও ইউএনবির।এ বছর প্রাথমিক শিক্ষা সপ্তাহের স্লোগান হচ্ছে—‘দিনবদলের বইছে হাওয়া, শিক্ষাই আমার প্রথম চাওয়া’। এতে সমাজের সার্বিক পরিবর্তনের কার্যকর হাতিয়ার হিসেবে একটি সুশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে সরকারের গুরুত্বের বিষয়টি প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন, তাঁর সরকার স্নাতক পর্যায় পর্যন্ত বিনা মূল্যে শিক্ষালাভের ব্যবস্থা করবে, যাতে দেশের দরিদ্র জনগোষ্ঠী উচ্চতর শিক্ষা নিতে পারে। তিনি বলেন, ‘শুধু বিশাল আয়তনের পাঠ্যসূচি ও বেশি বেশি বই হলেই শিশুদের সুশিক্ষার বিষয়টি নিশ্চিত হবে না। তাদের জন্য মজার ও কার্যকর বিষয়বস্তু প্রয়োজন। প্রচুর বই দিয়ে আমরা আশা করতে পারি না যে, শিশুরা সবাই পণ্ডিত হয়ে যাবে।’ শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তাঁর সরকার বিভিন্ন বিদ্যালয়ে বিনা মূল্যে বই ও টিফিন দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। চালু করা হয়েছে শিক্ষা সমাপনী পরীক্ষা। তিনি আশা প্রকাশ করেন, দেশজুড়ে শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ায় প্রাথমিক শিক্ষায় বৈষম্য দূর হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু আলম মো. শহীদ খান এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ।