মনে সতেজতা আনতে আর পরিষ্কার-পরিচ্ছন্ন সুস্থ দেহের জন্য চাই নিয়মিত স্নান। বাইরে বেরোলেই তো ধুলোবালি শরীরে জাপটে বসে। সঙ্গে ঘামের ফোঁটা গোটা গায়ে সৃষ্টি করে দুর্গন্ধ। তার ওপর ক্লান্তি তো আছেই। ক্লান্তি কিংবা শরীরের দুর্গন্ধ দূর করতে দরকার দৈনন্দিন স্নান। বাসার স্নানাগার, লেক, পুকুর, নদী-নালা যেখানেই জল থাকে, সেখানেই স্নান সেরে নেওয়া যায়। কিন্তু এমনও এলাকা রয়েছে, যেখানে মন চাইলেই কেউ যখন-তখন স্নান করতে পারবে না! যেমন ইন্ডিয়ানায় শীতকালে স্নান করা নিষিদ্ধ। কৌতুক নয়, সেখানকার আইনের বইতেই বলা আছে সে কথা। পেনসিলভানিয়ার আইনে বলা আছে, স্নান করার সময় কেউ গান গাইতে পারবে না। তবে স্নান নিয়ে সবচেয়ে বিস্ময়কর আইনটি বোধ হয় বোস্টনের। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন শহর এই বোস্টনে মন চাইলেই স্নান করা যায় না। সেখানে যতই জরুরি হোক, স্নান করার জন্য থাকতে হবে ডাক্তারি ছাড়পত্র! মানে ডাক্তারের হুকুম ছাড়া স্নান করা আইনত দণ্ডনীয় অপরাধ। শুধু তা-ই নয়, আছে আরও বিস্ময়। বোস্টনের আইনের বইতে পাওয়া যায়, দিনটি যদি রোববার হয়, তবে কোনো অবস্থাতেই স্নান করা যাবে না! কারণটিও হাস্যকর। আইনটি যখন পাস করা হয়, তখন ডাক্তাররা মনে করতেন, বেশি বেশি স্নান করলে অর্থাৎ শরীর ভেজা হলে মানুষ অসুস্থ হয়! তাই স্নান করার আগে ডাক্তারের অনুমতি আছে কি না সেটা নিশ্চিত হওয়া দরকার। আর সে জন্যই তৈরি হয়েছিল এই অদ্ভুতুড়ে আইনটি।তথ্যসূত্র: ইন্টারনেট