স্নায়ুবিদ্যার আদ্যোপান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর মানুষের গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বার্ধক্যজনিত রোগ। এ ছাড়া ডিমেনসিয়া, পারকিনসন, এপিলেপসির মতো রোগগুলোও বাড়ছে আগের থেকে অনেক বেশি। আর যোগাযোগব্যবস্থা যথেষ্ট উন্নত হওয়ায় মানুষ এখন গ্রাম থেকে শহরে, শহর থেকে দেশের বাইরে ছুটছে। ফলে সড়ক দুর্ঘটনার মতো ঘটনাগুলো বাড়ছে প্রতিনিয়তই। সড়ক দুর্ঘটনায় সাধারণত মানুষের মস্তিষ্ক ও স্নায়ুরজ্জু ক্ষতিগ্রস্ত হয় বেশি। আর এই চিকিত্সার জন্য বিশেষভাবে প্রয়োজন স্নায়ুরোগ বিশেষজ্ঞের। তাই প্রয়োজন আর চাহিদার কারণেই চিকিত্সাবিদ্যায় পড়ুয়া শিক্ষার্থীদের এ বিষয়ে পড়ার আগ্রহটা বাড়ছে দিন দিন। বলছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও স্নায়ুরোগ বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম আনোয়ার উল্লাহ্। স্নায়ুবিদ্যা কীস্নায়ুবিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নিউরোমেডিসিন ও নিউরোসার্জারি। নিউরোমেডিসিনে ওষুধের মাধ্যমে মস্তিষ্ক, স্নায়ুরজ্জু, নার্ভ এবং মাংসপেশির চিকিত্সা দেওয়া হয়। এবং নিউরোসার্জারিতে করা হয় মস্তিষ্ক, স্নায়ুরজ্জু এবং নার্ভের অপারেশন।স্নায়ুবিদ্যায় পড়তেএমবিবিএস শেষে উচ্চতর শিক্ষার জন্য যে কেউ বেছে নিতে পারেন নিউরোমেডিসিন কিংবা নিউরোসার্জারির মতো জনপ্রিয় বিষয়। নিউরোমেডিসিনে উচ্চতর শিক্ষার জন্য আছে এফসিপিএস ডিগ্রি।এফসিপিএস করতে সময় লাগবে ছয় বছর। আছে এমডি। এমডি শেষ করতে সময় লাগে পাঁচ বছর। এ দুটি কোর্স করা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এ দেশে নিউরোসার্জারিতে চালু আছে এফসিপিএস এবং এমএস। এফসিপিএসে প্রয়োজন ছয় বছর এবং এমএস কোর্সও ছয় বছরের। এ দুটি কোর্স করতে চাইলে যেতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। স্নায়ুবিদ্যার বর্তমান অবস্থাসড়ক দুর্ঘটনায় আহত হলেন কেউ একজন। শরীরে কোনো ধরনের ক্ষত নেই। শুধু সামান্য মাথাব্যথা। ওই ব্যক্তি নিজেই ব্যথানাশক ওষুধ খেয়ে বাড়ি চলে গেলেন। দেখা গেল দুই দিন পর ওই একই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলো। সঙ্গে প্রচণ্ড খিঁচুনি। তখন স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে সিটি স্ক্যান, এমআরআই করে দেখা গেল মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। খুব তাড়াতাড়ি অপারেশন করলে ওই রোগীকে বাঁচানো সম্ভব। কিন্তু সামান্য দেরিতে রোগীর ভাইটাল সেন্টারগুলো আস্তে আস্তে অকোজো হয়ে যাবে এবং রোগী মারা যাবে। এ রকম ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই— বলছিলেন অধ্যাপক এ কে এম আনোয়ার উল্লাহ। তিনি আরও বলেন, ‘কারও মৃগী রোগ হলেই ফকির সাধু কিংবা পীরের দ্বারস্থ হয় চিকিত্সার জন্য। কিন্তু আধুনিক চিকিত্সায় এ রোগ প্রায় ১০০ শতাংশ আরোগ্য সম্ভব। এ ক্ষেত্রে ওষুধে ৯০ শতাংশ এবং অস্ত্রোপচারের মাধ্যমে বাকি ১০ শতাংশ রোগীকে ভালো করা সম্ভব। এতে অবশ্য রোগের শুরুতেই স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে রোগীকে নিয়ে আসতে হবে। কারণ মৃগী রোগীর প্রতিটি খিঁচুনিতেই ব্রেনসেল ধ্বংস হয়। তাই যত দেরি হবে রোগীর ভালো হওয়ার সম্ভাবনা তত ক্ষীণ হয়ে আসে। সামান্য সচেতনতার মাধ্যমে এই অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো এড়ানো যায়। আর এই রোগ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে পড়াশোনার জন্য দেশে এবং দেশের বাইরে সুযোগ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে কাজের ক্ষেত্র।