স্পট ফিক্সিংয়ের বাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিং নিয়ে কথা হচ্ছে, আর ওয়াকার ইউনুস হাসছেন! কয়েক মাস ধরে যা হলো, তাতে স্পট ফিক্সিং শব্দটা শুনলেই আঁতকে ওঠার কথা যেকোনো পাকিস্তানির। সালমান বাট আর মোহাম্মদ আসিফের তো ক্যারিয়ারই কার্যত শেষ। মোহাম্মদ আমিরের ফেরার সম্ভাবনা থাকলেও আছে অনেক প্রশ্ন। মনে পড়ে, স্পট ফিক্সিং শব্দটার সঙ্গে পরিচয়ও হয়েছিল এক পাকিস্তানির সৌজন্যে। ইয়র্কশায়ারের হয়ে কাউন্টিতে খেলার সময় এই অভিযোগে লেগ স্পিনার দানিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। অনেক ঘেঁটে বের করতে হয়েছিল স্পট ফিক্সিং জিনিসটা আসলে কী।বাট-আমিররা যখন আপিলের প্রস্তুতি নিচ্ছেন, তখনই ছড়িয়ে পড়ল স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে আরও চারজনের বিরুদ্ধে। বিস্ময়করভাবে এঁদের কেউই পাকিস্তানি নন! ওয়াকারের স্বস্তির হাসি এ কারণেই, ‘এমন নয় যে অন্য দলের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের অভিযোগ শুনে আমার ভালো লাগছে। স্বস্তি পাচ্ছি এ কারণে যে এবার অন্তত পাকিস্তান এর অংশ নয়!’ পাকিস্তানের কারও নাম নেই, এর চেয়েও বিস্ময়কর যাঁদের নাম এসেছে—শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিন এবং মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবীরা। ‘ওয়াটসন আর আপনি নাকি ইচ্ছে করেই ধীরে খেলেছেন?’ শোনার পর সিংহলিজ স্পোর্টস ক্লাবের গ্যালারিতে বসা ব্র্যাড হাডিন হাসি ফুটিয়ে আর চোখ-মুখের অভিব্যক্তি দিয়ে যেন বলতে চাইলেন, ‘কী সব ফালতু কথা উঠছে!’ হাসি থামার পর ওটা তিনি ভদ্রভাবে বললেনও। জয়াবর্ধনে ও সামারাবীরার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তবে তাঁদের দুজন, পুরো দল আর ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) পক্ষ থেকে দলের ম্যানেজার অনুরা টেনেকুন ও মিডিয়া ম্যানেজার ব্রায়ান টমাস উড়িয়ে দিলেন অভিযোগ।পুরো ব্যাপারটায় সবচেয়ে বেশি চোখে পড়ল দুই দেশের ক্রিকেট কর্তারা তাৎক্ষণিকভাবে যেভাবে সামলালেন। যেদিন সকালে খবরটা ছড়াল, সেদিন দুপুরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন হাডিন। এতে দুটো বার্তা দেওয়া হয়ে গেল, ক্রিকেট অস্ট্রেলিয়া হাডিনের পাশেই আছে, আর কোনো অন্যায় করেননি জানেন বলেই হাডিন বুক চিতিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে এসেছেন।ওই দিনই প্রেমাদাসায় শ্রীলঙ্কা-কেনিয়া ম্যাচের সেরা লাসিথ মালিঙ্গা। সংবাদ সম্মেলনে তাই জয়াবর্ধনে-সামারাবীরা নেই। তবু না থেকেও যেন তাঁরা থাকলেন। সবার হাতে একটি করে প্রেস বিজ্ঞপ্তি ধরিয়ে দেওয়া হলো যাতে লেখা, এসএলসি জয়াবর্ধনে ও সামারাবীরার পাশেই আছে। শুধু তা-ই নয়, দেশের ক্রিকেটকে দীর্ঘদিন সেবা করা দুজনের সম্মানহানি করায় সংশ্লিষ্ট টেলিভিশনটা রাষ্ট্রীয় হলেও এর উপস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। মালিঙ্গা জানালেন, তাঁদের কানে ব্যাপারটা এসেছে সকালে। এর পরই ড্রেসিংরুমে সবার কথা হয়েছে। দল এই দুজনের পাশে আছে এবং থাকবে। আর ম্যানেজার টেনেকুন জানালেন, এই দুজনের সততা নিয়ে যেহেতু বোর্ডের কোনো সন্দেহই নেই, তাই তদন্ত করার প্রশ্নই ওঠে না। ভেবে দেখুন, দুঃসময়ে কেমন মনের জোর পাচ্ছেন জয়াবর্ধনে-হাডিনরা।এসব দেখেশুনে মনে হচ্ছিল শুধু একটা কথাই, একই অভিযোগ উঠত যদি কোনো পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে! সঙ্গে সঙ্গে চারদিক তোলপাড়, চলে আসত সরফরাজ নেওয়াজ, আমির সোহেলদের মতো সাবেকদের বিবৃতি, সংবাদমাধ্যমে চলত মুণ্ডুপাত আর তদন্তের নির্দেশ দিত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির কথা থাক। তার চেয়ে বরং হাডিন-জয়াবর্ধনেদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ওয়াকারের আরেকটা কথা শোনা যাক। মজার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ‘আসলে এখন যেমন ‘‘বাজার’’ চলছে স্পট ফিক্সিংয়ের। লোকে এটা নিয়ে ভাবতে, কথা বলতে ভালোবাসে। এ জন্যই ওদের এটির সঙ্গে মিলিয়ে দিয়েছে।’ওয়াকারের কথা, হাডিনের ওই অভিব্যক্তি কিংবা টেনেকুনদের বিশ্বাস— সবই যেন সত্যি হয়। না হলে খেলাটার ওপর বিশ্বাস যেটুকু আছে, সেটাও যে অবশিষ্ট থাকবে না!