স্পর্শকাতর মামলায় ক্যামেরা ট্রায়াল হওয়া উচিত
সাবেক উপদেষ্টা ও নির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্র নারীদের অধিকার রক্ষায় যে আইনগুলো বলবত্ রয়েছে, তা কতটা নারীবান্ধব বলা যায়? বাংলাদেশে নারীর সুরক্ষায় অনেক আইন রয়েছে। যেহেতু আইনগুলো প্রণীত হয়েছে নারীদের সুরক্ষার জন্য, তাই এগুলো নারীবান্ধব বলা যায়। তবে সমস্যা হচ্ছে এর প্রয়োগের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে অনেক জটিল ও ক্রটিপূর্ণ কিছু ধাপ পেরিয়ে চূড়ান্ত বিচারের দিকে যেতে হয়। এতে পুলিশ প্রশাসন, চিকিত্সক, আইনজীবী ও বিচারকের সম্মিলিত ভূমিকা থাকে। প্রতিটি ধাপেই কিছু বাধা আসে। ফলে একজন ভুক্তভোগী বিচারপ্রার্থী কিংবা নির্যাতিতা সঠিকভাবে আইনের আশ্রয় এবং সঠিক বিচার পায় না। এ থেকে উত্তরণের জন্য কী করণীয় রয়েছে? আসলে আমাদের সমাজে এখনো পুরুষতান্ত্রিকতা রয়ে গেছে। আমাদের মন-মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আবার নারী শ্রেণীর মধ্যেও দুটি ভাগ আছে। একটি শ্রেণী আর্থসামাজিক অবস্থানে ভালো আছে, অন্য শ্রেণীটি নয়। যারা ভালো অবস্থানে আছে, তারা আইন-আদালতের আশ্রয় নেওয়ার ক্ষেত্রে সুবিধা ভোগ করে। অন্য শ্রেণীটি তাতে বৈষম্যের শিকার হয়। আসলে আইন প্রয়োগের সঙ্গে সঙ্গে আমাদের মন-মানসিকতায় পরিবর্তন না এলে হবে না। নারীদের আদালত অঙ্গনে অনেক ধরনের ভোগান্তির চিত্র দেখা যায়। এ ভোগান্তি কমাতে হলে কী করণীয় রয়েছে? আমাদের আদালতের পরিবেশ নারীবান্ধব নয়, এ কথা সত্য। এ জন্য অবকাঠামোগত সংস্কারের পাশাপাশি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ইতিবাচক ও দৃৃঢ় ভূমিকার প্রয়োজন রয়েছে। আইনজীবী ও বিচারককে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। তাঁদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। অনেক স্পর্শকাতর মামলা, যেমন ধর্ষণের মামলার ক্ষেত্রে ক্যামেরা ট্রায়াল বা রুদ্ধদ্বার বিচার হতে দেখা যাচ্ছে না। এর কারণ কী? আসলে এ ধরনের মামলায় ক্যামেরা ট্রায়াল হওয়া উচিত। কিছু শক্তিশালী সংগঠনের দায়ের করা মামলায় এ ক্যামেরা ট্রায়াল হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের কয়েকটি মামলায় ক্যামেরা ট্রায়াল হয়েছে। এ ক্ষেত্রে ব্যক্তিপর্যায়ে যে মামলাগুলো হচ্ছে, তাদের ক্ষেত্রেই এ বিচার হচ্ছে না। আইনজীবী এবং বিচারকদেরও সংবেদনশীল হতে দেখা যায় না। ফলে একজন নির্যাতিতাকে জনসম্মুখে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এখানে নারীদের সচেতনতার পাশাপাশি আইন-আদালতের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। গণমাধ্যমেরও এ বিষয়ে জোরালো ভূমিকা রাখা উচিত। পারিবারিক আদালতের মামলাগুলোর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমাতে কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? এ জন্য আদালতের বাইরে সালিস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরিমাণ বাড়াতে হবে। এখন মানবাধিকার সংগঠনগুলো অধিকাংশ ক্ষেত্রেই সালিস-মীমাংসার মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি করছে। ভুক্তভোগীরাও আদালতের শরণাপন্ন কম হচ্ছে। আমার মনে হয়, পারিবারিক মামলার ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তির দিকে বেশি জোর দেওয়া উচিত। মামলাজট কমাতে পারিবারিক আদালতের সংখ্যা বাড়ানোর প্রস্তাব কীভাবে মূল্যায়ন করবেন? আমরা বরাবরই পারিবারিক আদালতের সংখ্যা বাড়ানোর জন্য বলে আসছি। মামলাজট কমাতে হলে আদালতের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই। বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রটি আইনে স্বীকৃত থাকলেও তা কার্যকর হচ্ছে না। এখন আইনজীবী এবং বিচারকদের মধ্যে এ বিষয়ে যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদের ও বিচারপ্রার্থীদের বিকল্প নিষ্পত্তিতে মনোযোগী এবং উত্সাহিত করতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন আদালতের বাইরে কোনো সালিস-মীমাংসার ক্ষেত্রে ফতোয়ার মতো ঘটনা না ঘটে।