স্পিকার চাইলে সার্জেন্ট অ্যাট আর্মস ডাকতে পারতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রজয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রী সংসদে এসে সমুদ্রজয়ের ব্যাপারে সরকারকে ধন্যবাদ দিলেন। এরপর তাঁর দলের নেতারা মাঠে নেমে যে উল্টাপাল্টা বক্তব্য দিলেন, এটা খুবই দুঃখজনক। এটা মানুষকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিরোধী দলের এসব বলার কারণ আছে। এখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার চলছে। এ ছাড়া দুর্নীতির বিচার শুরু হওয়ার কারণেই বিরোধী দল এসব বলছে।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিরোধীদল গত ১২ মার্চ ঢাকা ঘেরাও কর্মসূচি করেছে। আমরা তো তাতে বাধা দেই নাই। আমাদের কর্তব্য জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। আমরা সেই কর্তব্যটুকুই করেছি। কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করা হয়নি। সব জায়গা থেকে তাদের অবাধে মিছিল এসেছে। তাদের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। ১২ মার্চ যদি ওই প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হতো, তাহলে ১৮ ডিসেম্বর তারা যে বোমাবাজি করেছিল, তা আবারও করত। ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের নামে তারা যা করেছে, এরপর তো তাদের মাঠেই নামতে দেওয়া উচিত ছিল না। কিন্তু আমরা নির্বিঘ্নে তাদের লংমার্চ করতে দিয়েছি, চট্টগ্রামের পলোগ্রাউন্ডে সমাবেশ করার সুযোগ দিয়েছি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী সংসদে এসে কোনো বাধা ছাড়াই প্রায় দুই ঘণ্টা বক্তব্য দিলেন। কিন্তু বাইরে গিয়ে বললেন, তাঁকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তা ছাড়া সংসদে এসে তাঁদের অশালীন ও নোংরা কথা বলা খুবই দুঃখজনক। আসন ছেড়ে বিরোধী দলের একজন সাংসদ আমাদের দলের একজন সাংসদের গায়ে হাত তুলতে যাওয়া—এটা কোন ধরনের আচরণ। এতে স্পিকার ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি চাইলে সার্জেন্ট অ্যাট আর্মস ডাকতে পারতেন, তাঁদের বের করে দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।’বিরোধী দলকে সুস্থধারার রাজনীতি করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির আড়ালে কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না।