স্পিকারকে আন্দোলনকারীদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণের মঞ্চ থেকে কাদের মোল্লাসহ অন্য যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে আন্দোলনকারী পাঁচজন ব্লগার এ স্মারকলিপি দেন।দাবিগুলো হলো—কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা এবং জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক দলের রাজনীতি নিষিদ্ধ করা। এতে যেসব রাজনৈতিক দল, ব্যক্তি, শক্তি ও প্রতিষ্ঠান যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানানো হয়। এ ছাড়া ৭৫-এর পর সাজাপ্রাপ্ত ও বিচারাধীন যেসব যুদ্ধাপরাধী-রাজাকার-আলবদরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের আবার গ্রেপ্তার এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জামায়াতের বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের অর্থের উত্স খুঁজে বের করে তা বন্ধের দাবি জানানো হয়। এ বিষয়ে স্পিকার আবদুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘স্মারকলিপিটি সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে পাঠানো হবে।’ব্লগার দলের নেতৃত্ব দেন শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ইমরান এইচ সরকার। ব্লগাররা জানান, স্মারকলিপিটি শাহবাগের প্রজন্ম চত্বরে পড়ে শোনানো হবে।