মানবতাবিরোধী অপরাধের বিচার এবং এর সঙ্গে জড়িত জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে সংগ্রহ করা গণস্বাক্ষরের বই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর কাছে হস্তান্তর করেছে গণজাগরণ মঞ্চ।গতকাল রোববার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এই বই হস্তান্তর করে। গতকাল বেলা দুইটার দিকে প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে দেখা করে।স্পিকারের সঙ্গে দেখা করার পর ইমরান এইচ সরকার জানান, গণজাগরণ মঞ্চের ছয় দফার প্রতি সমর্থন জানিয়ে সারা দেশে মোট এক কোটি সাত হাজার ৭৬১ জন স্বাক্ষর করেছেন। এর মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে কিছু স্বাক্ষর নিয়ে আলাদা করে একটি বই করা হয়েছে, যা ভারপ্রাপ্ত স্পিকারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সন্ধ্যায় শাহবাগে ইমরান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, তাঁরা ভারপ্রাপ্ত স্পিকারকে গণজাগরণ মঞ্চের আন্দোলনের গতি-প্রকৃতি সম্পর্কে অবহিত করেন এবং স্পিকার গণজাগরণ মঞ্চের প্রতি নিজের সমর্থনের কথা স্পষ্ট করে জানান। স্পিকার গণজাগরণ মঞ্চের দাবির বিষয়টি সংসদের পক্ষ থেকে সরকারকে জানানো হবে বলে আশ্বস্ত করে বলেন, সরকার নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।ইমরান বলেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করার জন্য আমরা সরকারকে ২৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই ৪ এপ্রিল আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাব। স্মারকলিপি দেওয়ার পরও যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তখন দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব আমরা।’স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় ইমরানের সঙ্গে প্রতিনিধিদলে আরও ছিলেন গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা কানিজ ফাতেমা ও মেহেদী হাসান।এর আগে গতকাল দুপুর পৌনে ১২টায় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে সংসদ অভিমুখে গণমিছিল বের হয়ে পরীবাগ দিয়ে রওনা হতে চাইলে পুলিশ বাধা দেয়। মিছিল বাংলামোটর অতিক্রম করার সময় দ্বিতীয় দফায় পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের বাধা ডিঙিয়ে মিছিল জাতীয় সংসদ অভিমুখে রওনা হলে আবারও ফার্মগেট এলাকায় বাধাপ্রাপ্ত হয়। পুলিশ সেখানে একটি বাস আড়াআড়িভাবে রাস্তার ওপর রেখে গণমিছিলকে আটকে দেয়। একপর্যায়ে মিছিলকারীরা সেখানে অবস্থান নেন।এ সময় রমনা জোনের ডিসি মারুফ হাসান গণমিছিলে বাধা দেওয়া প্রসঙ্গে জানান, নাশকতার আশঙ্কা থাকায় মিছিলটিকে বাধা দেওয়া হয়েছে।পরে পুলিশি প্রহরায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ প্রতিনিধিদলটিকে জাতীয় সংসদ ভবনে নিয়ে যাওয়া হয়। প্রতিনিধিদল সংসদ ভবনের দিকে রওনা হওয়ার পর মিছিলটি শাহবাগে ফিরে আসে।উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগের গণজাগরণ চত্বরে আন্দোলনের সূত্রপাত হয়। পরে আন্দোলনকারীরা ছয় দফা দাবি পেশ করেন। এই দাবিগুলোর সমর্থনে গত ২২ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত সারা দেশে গণস্বাক্ষর সংগ্রহের অভিযান চলে। এরই মধ্যে আন্দোলনকারীদের পক্ষে ২৬ মার্চের মধ্যে দাবি পূরণের চূড়ান্ত দিনক্ষণ অতিক্রান্ত হলে স্পিকার ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানসহ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ৪ এপ্রিল বেলা ১১টায় শাহবাগের গণজাগরণ চত্বর থেকে বিক্ষোভ মিছিলসহকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করা হবে। একই সময়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচিও রয়েছে।