স্পিকারের কাছ থেকে সাংসদদের আচরণ শেখার দরকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বলেছেন, ‘স্পিকারের কাছ থেকে সাংসদদের নতুন করে আচরণবিধি শেখার প্রয়োজন নেই। ভালো আচরণের কারণেই সাংসদেরা নির্বাচিত হয়ে এসেছেন। আমি পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছি। এতদিন পর স্পিকারের কাছ থেকে আমাদের আচরণবিধি শিখতে হবে?’ গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় সাংসদ জয়নাল আবদীন এসব কথা বলেন। গত শুক্রবার স্পিকার এক অনুষ্ঠানে বলেন, সংসদে কোনো সাংসদ আবার অশালীন বক্তব্য দিলে তাঁকে অধিবেশন থেকে বের করে দেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার স্পিকার সংসদে সাংসদদের আচরণ নিয়ে রুল জারি করেন।বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, সংসদে প্রয়াত নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রথম শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ নিয়ে যখন কথা বলছিলেন, তখন স্পিকার তাঁর মাইক বন্ধ করে দিলে আজ এ পরিস্থিতির সৃষ্টি হতো না। তখন স্পিকার বিষয়টি অনুধাবন না করে এত দিন পর রুলিং দেওয়ায় তাঁর নিরপেক্ষতা ও আন্তরিকতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, এনপিপি সভাপতি শওকত হোসেনসহ বিএনপির জামায়াত ও বিজেপির স্থানীয় নেতারা বক্তৃতা করেন। বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, সংসদে সরকারি দলের সদস্যদের কুরুচিপূর্ণ বক্তব্যের জবাবে বিরোধীদলীয় সাংসদেরা যখন শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলা শুরু করেন, তখন তাঁদের মুখ বন্ধ করতে স্পিকার এ রুলিং দেন। বিডিআর বিদ্রোহের প্রসঙ্গে সাংসদ জয়নাল আবদিন দাবি করেন, এ বিদ্রোহের ঘটনায় নানক-আজম জড়িত। তাঁদের গ্রেপ্তার না করলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী কেন বিদ্রোহ দমনে কার্যকর পদক্ষেপ না নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে যমুনায় বসে হোটেল শেরাটনের খাবার দিয়ে মধ্যাহ্নভোজ করলেন তারও তদন্ত করতে হবে। সাংসদ জয়নাল আবদীন মন্তব্য করেন, বিদেশি চক্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অশান্ত করছে।