স্পিকারের কাছে সাংবাদিকদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারসহ চার দফা দাবিতে সাংবাদিক নেতারা জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই স্মারকলিপি দেওয়া হয়।সাংবাদিক নেতারা জানান, স্মারকলিপির অনুলিপি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও সব সাংসদের কাছে দেওয়া হবে।সাংবাদিক প্রতিনিধিদলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইজে) দুই অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, রহুল আমিন গাজী, একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই অংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ ও বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে। এ ছাড়া স্বাধীন গণমাধ্যমের পথে অন্তরায় সৃষ্টিকারী সব কালা-কানুনের অবসানের জন্য আইন প্রণয়নের দাবি করা হয়।এ সময় সাংবাদিক নেতারা স্পিকারকে বলেন, খুলনার হুমায়ুন কবীর বালু, মানিক সাহা, যশোরের শামসুর রহমান, সাগর-রুনিসহ কোনো সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি। সাংবাদিক নেতারা সম্প্রতি সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের বিষয়েও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।স্পিকার আবদুল হামিদ বলেন, ‘আমি নিজে থেকে এ বিষয়ে কোনো কথা বলতে পারি না। তবে যদি কোনো সংসদ সদস্য এ বিষয়ে সংসদে কথা তোলেন, তবে আমি সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলতে পারি।’