স্পিকারের দেওয়া রুলিং আদালত বিবেচনায় নিতে পারেন না
স্পিকারের রুলিং নিয়ে আদালতের অভিমত সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, স্পিকারের দেওয়া রুলিং আদালত বিবেচনায় নিতে পারেন না। যদি আদালত তা বিবেচনায় নেন, তাহলে সংবিধানের ৭৮ অনুচ্ছেদে সংসদকে যে সুরক্ষা বা বিশেষ অধিকার দেওয়া আছে, তা আর থাকে না। আজ মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সংসদ সার্বভৌম আর বিচার বিভাগ স্বাধীন। সংসদের দেওয়া রুল গ্রহণযোগ্য ছিল। এ নিয়ে আদালতে নতুন করে বিতর্ক তোলা ঠিক হয়নি। রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান অন্যটিকে খাটো করতে পারে না। এতে দুইয়েরই মর্যাদা ক্ষুণ্ন হয়।’ঘটনাপ্রবাহ: গত ১৪ মে সড়ক ভবন নিয়ে আদালত অবমাননা মামলায় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ৫ জুনের মধ্যে ব্লক সি-এর বাকি অংশ ও ব্লক এ-এর দুটি কক্ষ সুপ্রিম কোর্টকে হস্তান্তর করতে নির্দেশ দেন। এ আদেশ নিয়ে গত ২৯ মে সংসদে আলোচনা হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, ‘দেশের মানুষের বিচারের ক্ষেত্রে বছরের পর বছর লেগে যাবে আর নিজেদের বিষয় বলে বিচার বিভাগ ঝটপট সিদ্ধান্ত নিয়ে নেবেন, এটি ভালো দেখায় না। আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।’এরপর ৫ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ স্পিকার আবদুল হামিদের দেওয়া বক্তব্যকে রাষ্ট্রদ্রোহমূলক বলে মন্তব্য করেন। ওই দিন সন্ধ্যায় সংসদে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সমালোচনা করে বক্তব্য দেন সরকারদলীয় কয়েকজন সাংসদ। তাঁরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর অপসারণ দাবি করেন। পরে ১৮ জুন এ বিষয়ে স্পিকার রুলিং দেন। রুলিংয়ে বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি প্রত্যাহারের জন্য সাংসদদের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া বলা হয়, একজন বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। রুলিংয়ে স্পিকার বলেন, ‘একই সাথে বলব, আদালতের এ ধরনের আচরণে কী করণীয় থাকতে পারে, মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন, তাতে আমাদের সমর্থন থাকবে।’ এ অংশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন হাইকোর্টে রিট আবেদনটি করেন।রিট আবেদনের শুনানি শেষে আদালত অভিমতসহ ২৪ জুলাই আবেদনটি নিষ্পত্তি করেন। গতকাল সোমবার (২৭ আগস্ট) পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে স্পিকারের এই রুলিংকে আইনগতভাবে ভিত্তিহীন ও অকার্যকর বলে অভিমত দেওয়া হয়।