স্পিকারের প্রশংসা করলেন মওদুদও
রুলিং দেওয়ার মাধ্যমে স্পিকার একজন বিচারপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের যে অভিযোগ তুলেছেন, প্রধান বিচারপতি সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তাঁর মতে, এখনই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানো যাবে।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন।রুলিং দেওয়ার মাধ্যমে স্পিকার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ভারসাম্য বজায় রাখার জন্য স্পিকার রুলিং দিয়েছেন। তিনি বিচার বিভাগ ও সংসদের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছেন। মওদুদ বলেন, রুলিংয়ে স্পিকার স্পষ্ট করে বলেছেন, বিচারক সংবিধান লঙ্ঘন করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য প্রধান বিচারপতি সংবিধান অনুসরণ করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে তিনি আশা করেন।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মওদুদ আহমদ বলেন, গণতন্ত্র অব্যাহত রাখতে হলে অর্থপূর্ণ নির্বাচন দিতে হবে। তাহলে রাষ্ট্র, গণতন্ত্র, আওয়ামী লীগ রক্ষা পাবে। না হলে আওয়ামী লীগ নিজেদের রক্ষা করতে পারবে না।ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন ‘চলমান রাজনীতি: তত্ত্বাবধায়ক সরকার ও আইনের শাসন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি সফিউল আলম প্রধান, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদ প্রমুখ বক্তব্য দেন।