স্পিকারের ভূমিকা দূরদর্শী
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জাতীয় সংসদে বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে সৃষ্ট সমস্যা স্পিকারের ঐতিহাসিক রুলিংয়ের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, স্পিকার বিষয়টিতে অত্যন্ত বিজ্ঞ, সহনশীল ও দূরদর্শী ভূমিকা রেখেছেন। সুপ্রিম কোর্টে যেমন মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়, তেমনি সংসদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো স্পিকারের রুলিং। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। গতকাল সোমবার সংসদ অধিবেশনের শুরুতেই এই রুলিং দেন স্পিকার আবদুল হামিদ। তিনি বলেন, আলোচ্য বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করে বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে সংসদের প্রস্তাবের সঙ্গে ঐকমত্য জানিয়েও এমন প্রস্তাব প্রত্যাহারের জন্য সাংসদদের প্রতি অনুরোধ করেন তিনি। একই সঙ্গে পুরো বিষয়টি প্রধান বিচারপতির এখতিয়ারে ছেড়ে দিয়ে তাঁকেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান স্পিকার।সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, মুক্তিযোদ্ধা কাওসারুল ইসলাম, কাজী সিরাজুল ইসলাম, এম এ রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।