স্পিকারের রুলিং অকার্যকর ও ভিত্তিহীন
সুপ্রিম কোর্টের একজন বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বানসংবলিত স্পিকারের রুলিংকে অকার্যকর ও আইনগত ভিত্তিহীন বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। গত ২৪ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্পিকারের রুলিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদন কিছু অভিমতসহ নিষ্পত্তি করে এক রায় দেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ অভিমতসহ দেওয়া রায় আজ সোমবার প্রকাশিত হয়। অভিমতে বলা হয়েছে, ‘স্পিকারের তর্কিত অভিমত যে “একজন বিচারক সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, মাননীয় প্রধান বিচারপতি ভেবে ব্যবস্থা গ্রহণ করবেন।” এর কোনো আইনগত ভিত্তি নেই এবং আইনের দৃষ্টিতে অস্তিত্বহীন। স্পিকারের এই অভিমতের কোনো আইনগত কার্যকারিতা নাই।’আদালত বলেছেন, ‘স্পিকারের অভিমত যে, “একই সঙ্গে বলব, আদালতের এ ধরনের আচরণে কী করণীয় থাকতে পারে, মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন...।’ এটা সংবিধানের ৯৬(৫) অনুচ্ছেদের সঙ্গে সংগতিপূর্ণ নয়। স্পিকারের রুলিং সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধির সঙ্গে অসংগতিপূর্ণ।’ স্পিকারের দেওয়া রুলিংয়ের বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন রিট আবেদনটি করেন। দুই দিন এর ওপর শুনানি নিয়ে গত ২৪ জুলাই আবেদন নিষ্পত্তি করে আদেশ দেওয়া হয়। রিটে গত ১৮ জুন স্পিকারের দেওয়া রুলিং কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছিল। আর রুল বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের রুলিং বা আদেশ দেওয়া থেকে বিরত থাকার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়। গত ১৮ জুলাই রিটটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে দাখিল করা হলে এক বিচারপতি তাতে বিব্রত বোধ করেন। পরে ২৩ জুলাই এই আদালতে তা উপস্থাপন করা হয়। এর আগে সুপ্রিম কোর্টের জমি নিয়ে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া হাইকোর্টের আদেশের বিষয় উত্থাপিত হলে স্পিকার আবদুল হামিদ গত ২৯ মে সংসদে বলেছিলেন, আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে বলে খবর প্রকাশিত হয়। এরপর ৫ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্পিকারের ওই বক্তব্য নিয়ে মন্তব্য করেন। ১৮ জুন স্পিকারের দেওয়া রুলিংয়ে এক বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি প্রত্যাহারের জন্য সাংসদের প্রতি আহ্বান জানান স্পিকার। রুলিংয়ে তিনি বলেন, ‘আদালতের এ ধরনের আচরণে কী করণীয় থাকতে পারে, মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন, তাতে আমাদের সমর্থন থাকবে।’