স্পিকারের রুলিং নিয়ে করা রিট নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বিচারপতির বক্তব্য নিয়ে স্পিকার আবদুল হামিদের দেওয়া রুলিংয়ের বিষয়ে করা রিট আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণ দেওয়ার কথা জানিয়ে আজ মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।রুলিংয়ের বিষয়ে করা রিট আবেদনের ওপর গতকাল সোমবার থেকে শুনানি শুরু হয়। আজ পর্যবেক্ষণ দেওয়ার কথা জানিয়ে রিটটি নিষ্পত্তি করে দেওয়া হয়।গত ১৮ জুলাই বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন রিট আবেদনটি করেন।আজ শুনানিতে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় বলেন, এ ঘটনায় আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তাই রিট আবেদন গ্রহণযোগ্য নয়। রুল দেওয়া হলে রাষ্ট্রের দুটি অঙ্গের মধ্যে সংঘাত হতে পারে। পর্যবেক্ষণ সাপেক্ষে রিট নিষ্পত্তি করা যেতে পারে।আদালত থেকে বের হয়ে রিট আবেদনকারীর আইনজীবী রাশনা ইমাম প্রথম আলো ডটকমকে বলেন, আদালত রিট আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। আদালত বলেছেন, কিছু পর্যবেক্ষণ দেবেন।রিট আবেদনে এক বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন উল্লেখ করে গত ১৮ জুন স্পিকারের দেওয়া রুলিং এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিষয়টি প্রধান বিচারপতির ওপর ছেড়ে দেওয়ার পর্যবেক্ষণ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। রুল বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের রুলিং বা আদেশ দেওয়া থেকে বিরত থাকার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়। আবেদনে আইনসচিব, সংসদ সচিবালয়ের সচিব ও স্পিকারকে বিবাদী করা হয়। সুপ্রিম কোর্টের জমি নিয়ে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া হাইকোর্টের আদেশের বিষয় উত্থাপিত হলে স্পিকার আবদুল হামিদ গত ২৯ মে সংসদে বলেছিলেন, দেশের মানুষের বিচারের ক্ষেত্রে বছরের পর বছর লেগে যাবে আর নিজেদের বিষয় বলে বিচার বিভাগ ঝটপট সিদ্ধান্ত নিয়ে নেবেন, এটি ভালো দেখায় না। আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলমের এক অনির্ধারিত আলোচনার পর স্পিকার এ কথা বলেন।এরপর ৫ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্পিকারের ওই বক্তব্য নিয়ে মন্তব্য করেন। ১৮ জুন স্পিকারের দেওয়া রুলিংয়ে এক বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি প্রত্যাহারের জন্য সাংসদের প্রতি আহ্বান জানান স্পিকার। রুলিংয়ে তিনি বলেন, ‘আদালতের এ ধরনের আচরণে কী করণীয় থাকতে পারে, মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন, তাতে আমাদের সমর্থন থাকবে।’