স্পিকারের রুলিং নিয়ে দেওয়া আদেশের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বিচারপতি সম্পর্কে স্পিকারের রুলিংয়ের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছে সরকার। ৩০ সেপ্টেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানার আদালতে আবেদনটি উপস্থাপন করা হয়। আদালত শুনানির এই দিন ধার্য করেন। এর আগে সকালে সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ। আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের আরজিও রয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় ও একরামুল হক। আর রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ ও মনজিল মোরসেদ। সঙ্গে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। আদালত সূত্র জানায়, শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রায়ে কিছু পর্যবেক্ষণ ও ঘোষণা রয়েছে। এতে বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন বলে দেওয়া রুলিংয়ের আইনগত ভিত্তি নেই বলা হয়েছে। সাংবিধানিক ব্যাখ্যার বিষয় জড়িত রয়েছে—এমন মামলায় হাইকোর্ট রুল জারি না করেন, বিবাদীদের না শুনে এভাবে পর্যবেক্ষণ দিতে পারেন না। হাইকোর্টের আদেশে সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে। কারণ, ওই অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্যধারা কোনো আদালতে চ্যালেঞ্জযোগ্য নয়। সংবিধানের ১১১ অনুচ্ছেদের আওতায় এই আদেশ বাধ্যকর বলে বিবেচিত হবে না। হাইকোর্টের আদেশে সংসদের সার্বভৌমত্বকে স্পর্শ করা হয়েছে। রিটকারীর পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, স্পিকারের রুলিংয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ করার পাশাপাশি একজন বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন বলা হয়েছে। বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন কি না, তা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিবেচনা করতে পরে। হাইকোর্টের রায় এই মুহূর্তে কার্যকরী করার এমন কোনো নির্দেশনা নেই, যাতে আপিলকারী পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই রায় স্থগিত করার প্রয়োজন নেই। আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হওয়া সমীচীন। এরপর আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।আদালত থেকে বেরিয়ে: এম কে রহমান সাংবাদিকদের বলেন, ‘রুল ইস্যু না করে দেওয়া হাইকোর্টের আদেশে মারাত্মক ভুল রয়েছে। এ কারণে আমরা লিভ টু আপিল করেছি। রায়টি সঠিক হয়নি। এখন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ৩০ সেপ্টেম্বর আবেদনের ওপর শুনানি হবে।’আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারপক্ষের তুলে ধরা যুক্তিগুলো সত্য নয়। তারা বলেছে, হাইকোর্ট বিবাদীদের বক্তব্য না শুনেই আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন। এটা সত্য নয়। কারণ, এই মামলায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতে বক্তব্য দেন। তিনি বলেন, হাইকোর্টের রায় স্থগিত করেননি আদালত।