স্পিকারের রুলিং নিয়ে রিট, শুনানি শুরু
এক বিচারপতির বক্তব্য নিয়ে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের দেওয়া রুলিংয়ের বিষয়ে রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল সোমবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়। আজ মঙ্গলবারও শুনানি হওয়ার কথা।এর আগে ১৮ জুলাই বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়। ওই দিন এক বিচারপতি আবেদন শুনতে বিব্রত বোধ করেন। পাঁচ দিনের মাথায় গতকাল সকালে এই আদালতে আবেদনটি উপস্থাপন করা হয়। দুপুর সোয়া ১২টা থেকে মাঝে বিরতি দিয়ে বেলা সোয়া তিনটা পর্যন্ত শুনানি হয়।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আখতার ইমাম। তাঁদের সহায়তা করেন আইনজীবী রাশনা ইমাম ও রেশাদ ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন রিট আবেদনটি করেন। এতে এক বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন উল্লেখ করে গত ১৮ জুন স্পিকারের দেওয়া রুলিং এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিষয়টি প্রধান বিচারপতির ওপর ছেড়ে দেওয়ার পর্যবেক্ষণ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। রিটে কোনো বিষয় বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের রুলিং বা আদেশ দেওয়া থেকে বিরত থাকার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়। আবেদনে আইনসচিব, সংসদ সচিবালয়ের সচিব ও স্পিকারকে বিবাদী করা হয়। শুনানিতে রিটকারীর আইনজীবীরা বলেন, আদালতের কোনো বিচারপতি সম্পর্কে রুলিং দেওয়ার আগে আদেশটি দেখা উচিত ছিল। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেখে এ-জাতীয় স্পর্শকাতর বিষয়ে রুলিং দেওয়া ঠিক হয়নি। একজন বিচারপতি সম্পর্কে স্পিকার এ ধরনের অভিমত দিতে পারেন না। এটা সংসদীয় কার্যপ্রণালিরও পরিপন্থী। একজন বিচারপতি সংবিধান রক্ষার শপথ নেন। তাই বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন বলা সমীচীন হয়নি।আইনজীবীরা বলেন, এ বিষয়ে প্রধান বিচারপতিকে ব্যবস্থা নিতে অনুরোধেরও কোনো সুযোগ নেই। একজন বিচারপতির বিরুদ্ধে কোনো অভিযোগ এলে রাষ্ট্রপতি তা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠাতে পারেন। আদালতে বলা হয়, এর আগে সংবাদপত্রের প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ সম্পর্কে সংসদে বক্তব্য দেওয়ার পর দেখা গেল ওই প্রতিবেদন ভুল ছিল। এটা প্রমাণের পর স্পিকার দুঃখ প্রকাশ করেন। কিন্তু এ ক্ষেত্রে তা না করে উল্টো রুলিং দেওয়া হয়েছে, যা ঠিক হয়নি। রিটকারীর আইনজীবীরা বলেন, সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদে সংসদ ও সদস্যদের দায়মুক্তির বিষয়ে বলা আছে। তবে এ-সংক্রান্ত সীমাবদ্ধতার বিষয়ে ৯৪(৪) অনুচ্ছেদে বলা হয়েছে। এখানে বলা আছে, বিচারপতিরা তাদের বিচারিক কাজে স্বাধীন থাকবে। এ ছাড়া সংসদীয় কার্যপ্রণালি বিধির ৫৩, ৬৩, ১৩৩, ১৩৪, ১৬৫ ধারা অনুসারে বিচারাধীন বিষয় ও বিচারপতির আচরণ নিয়ে কথা বলা যায় না। শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় এক সপ্তাহ শুনানি মুলতবির আরজি জানিয়ে বলেন, এটা সাংবিধানিক বিষয়। অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন। পরে আদালত আজ সকালে শুনানির সময় নির্ধারণ করেন। সুপ্রিম কোর্টের জমি নিয়ে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া হাইকোর্টের আদেশের বিষয় উত্থাপিত হলে স্পিকার আবদুল হামিদ গত ২৯ মে সংসদে বলেছিলেন, আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলমের এক অনির্ধারিত আলোচনার পর স্পিকার এ কথা বলেন বলে গণমাধ্যমে খবর বের হয়। এরপর ৫ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্পিকারের ওই বক্তব্য নিয়ে মন্তব্য করেন। ১৮ জুন স্পিকারের দেওয়া রুলিংয়ে এক বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি প্রত্যাহারের জন্য সাংসদদের প্রতি আহ্বান জানান স্পিকার। রুলিংয়ে তিনি বলেন, ‘আদালতের এ ধরনের আচরণে কী করণীয় থাকতে পারে, মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন, তাতে আমাদের সমর্থন থাকবে।’