স্পিডবোট চালকদের সংঘর্ষের জের ধরে মাওয়া-কাওড়াকান্দি নৌপথ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়া ঘাট ও মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাটের স্পিডবোট মালিকদের মধ্যে গতকালের সংঘর্ষের জের ধরে আজ সোমবার সকাল ১০টা থেকে এই নৌপথে সব ধরনের নৌ ও স্থলযান চলাচল বন্ধ রয়েছে। ওই ঘটনার প্রতিবাদে কাওড়াকান্দি ঘাটের নৌযান শ্রমিকেরা এ ঘাট দিয়ে সব ধরনের নৌ ও স্থলযান চলাচল বন্ধ করে দিয়েছেন।নৌযান শ্রমিকেরা অভিযোগ করেছেন, আজ সকালে কাওড়াকান্দি ঘাটের স্পিডবোট মালিক সমিতি ও লঞ্চ মালিক সমিতির একটি প্রতিনিধিদল রোববারের সমস্যা সমাধানে মাওয়া ঘাট এলাকায় গেলে মাওয়া ঘাটের শ্রমিকেরা তাঁদের মারধর করেন। প্রতিনিধিদলের অন্যতম আতাহার হোসেন ব্যাপারিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে শ্রমিকেরা জানিয়েছেন।ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনার পর কাওড়াকান্দি ঘাটের শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। শ্রমিকদের আন্দোলনে ওই দুই ঘাটে সব ধরনের নৌ ও স্থলযান চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাওয়া থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাওড়াকান্দি ঘাটে পৌঁছেছেন।কাওড়াকান্দি ঘাটের স্পিডবোট মালিক ও লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার হোসেন ব্যাপারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘রোববারের বিষয়টি সমাধান করতে তিনি ও একটি প্রতিনিধিদল আজ সকালে মাওয়া ঘাটে যান। উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক চলার একপর্যায়ে মাওয়া ঘাটের শ্রমিকেরা তাঁদের ওপর আক্রমণ করেন।’ শ্রমিকদের ছোড়া গরম পানিতে তাঁর শরীরে নিম্নাংশ ঝলসে গেছে এবং এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানান।তবে এ ব্যাপারে মাওয়া ঘাট স্পিডবোট মালিক পক্ষের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।