স্পিন এবার উল্টো বাংলাদেশের ‘জুজু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আকরাম ঢাকায় এলেন প্রায় সাড়ে এগারো বছর পর। সর্বশেষ এসেছিলেন ২০০০ এশিয়া কাপে খেলতে। মিরপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে নয়টি টেস্ট ও ২৩টি ওয়ানডে খেলা পাকিস্তানি পেসারের মনে হলো, সাড়ে এগারো বছর পর তিনি সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই ফিরে এসেছেন!‘৮৭’-এর হাওয়া যে তখন উড়ে বেড়াচ্ছে বাতাসে! এশিয়া কাপের সেই ম্যাচে বাংলাদেশকে ৮৭ রানে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপে পরাজয়ের নির্মম প্রতিশোধ নিয়েছিল পাকিস্তান। ইনিংসের শেষ উইকেটটি নিয়েছিলেন এই মোহাম্মদ আকরামই। কাল যখন প্রেসবক্সে চক্কর মারতে এলেন, স্কোরকার্ডে ৭ উইকেটে ৭১। পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড অতীত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা।অনেক বছর ধরেই লন্ডনে স্থায়ী নিবাস, অধুনা প্লাস্টিক পণ্যের কাঁচামাল রপ্তানির ব্যবসায় জড়িত আকরাম চোখ নাচিয়ে জিজ্ঞেস করলেন, ‘কী হচ্ছে এসব? বোলিং তো এমন হাতিঘোড়া কিছু হচ্ছে না।’ ম্যাচ শেষে লিফটের সামনে যখন আবার দেখা, আকরাম মাথা নাড়তে নাড়তে বললেন, ‘আমার কিছুই বলার নেই।’বলার নেই, কারণ বাংলাদেশের ৯১ রান তাড়া করতেই ঘাম ছুটে গেছে পাকিস্তানের। শেষ পর্যন্ত ৫ উইকেটে জয়। বড় জয়ই, তবে একটা সময় পরিস্থিতিটা এমন ছিল, টেলিভিশনে সরাসরি সম্প্রচারে ওয়ানডেতে সবচেয়ে কম রান করে জয়ের তালিকাটা পর্যন্ত বেশ কবার ভেসে উঠল। পাকিস্তানের স্কোর তখন ৫ উইকেটে ৬৩। অলৌকিক কিছু ঘটে যেতেও তো পারে!ঘটেনি। তবে কে জানে, ৬ উইকেটে ৬৬ হয়ে গেলে পাকিস্তানের কাঁপাকাঁপিটা কোন পর্যায়ে পৌঁছাত! হয়েই তো গিয়েছিল প্রায়। সাকিবের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন আফ্রিদি। বাঁহাতি শাহরিয়ার নাফীসের বাঁ দিকেই। নাফীস ভুল অনুমান করে ডান দিকে ঝুঁকে পড়াতে বলটাতে শুধু হাত লাগাতে পারলেন।ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চট্টগ্রামে ক্যারিবীয় ব্যাটসম্যানরা স্পিনে নাস্তানাবুদ হওয়ার পর একটা দাবি জোর হাওয়া পেয়েছিল। মিরপুরের উইকেটও কেন চট্টগ্রামের মতো স্পিনবান্ধব হবে না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার কানেও তা পৌঁছেছিল কি না কে জানে, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর প্রথম ওয়ানডের উইকেটও দেখা গেল স্পিন-স্বর্গ।কিন্তু স্পিনটা কি শুধু সাকিব-রাজ্জাকরাই করতে জানেন! এই পাকিস্তানের স্পিন আক্রমণ সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বসেরা। আর পাকিস্তানিরা উপমহাদেশীয় ব্যাটসম্যানদের মধ্যে স্পিন খেলায় ভারত ও শ্রীলঙ্কার চেয়ে একটু পিছিয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো সেটিকে জুজু মনে করে না। স্পিন-স্পিন করে আরেকটি ব্যাপারও আড়ালে পড়ে যায়। বাংলাদেশের ব্যাটসম্যানরাও স্পিনের বিপক্ষে এমন কোনো টেন্ডুলকার-দ্রাবিড় নন।উইকেটে টার্ন আর বাউন্স পেয়ে পাকিস্তানি স্পিনাররা তাই গাছ থেকে পাকা টমেটো তুলে নেওয়ার মতো একের পর এক উইকেট তুলে নিলেন। শুরুতেই স্পিন, প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজের উইকেট-মেডেন। সেটিই যেন ঠিক করে দিল ইনিংসের সুর। বাংলাদেশের ইনিংসের ৩০.৩ ওভারের মধ্যে ২২.৩ ওভারই স্পিন। চার স্পিনার মিলে ৫৬ রানে ৮ উইকেট।বাংলাদেশের ক্রিকেট শুধু একটা ক্ষেত্রেই বাকি বিশ্বের সঙ্গে পাল্লা দিতে পারে। সমর্থকদের ক্রিকেট উন্মাদনায়। মাঠে ঢুকতে যুদ্ধ, ঢোকার পর এক গ্লাস পানি পর্যন্ত অগ্নিমূল্য। তবুও উ ৎ সাহের শেষ নেই। রুবেল আজমলকে তিন বলে দুটি চার মারলেন। গ্যালারি ফেটে পড়ল উল্লাসে। অথচ ওই দুই চারে স্কোর হলো ৯ উইকেটে ৮৯! দর্শক-গর্জনে তা বোঝার উপায় নেই!সবচেয়ে মজা হলো অষ্টম ওভারে। ওই এক ওভারেই স্কোর দ্বিগুণ! অথচ রান হয়েছে মাত্র ৮। ৭ ওভার শেষে যে স্কোরবোর্ডে ২ উইকেটে ৮! এই উইকেটে ধুমধাম চার-ছয় মারা কঠিন। তবে একটু ধরে খেলে সেট হওয়ার পর রান করাটা একেবারে অসম্ভব নয়। কিন্তু সেটি স্কিলের বড় পরীক্ষা নেয়। ৫.২ ওভার শেষে স্কোর মাত্র ২—বাংলাদেশের ব্যাটসম্যানদের তাই ধরে না খেলার দোষ দেওয়া যাচ্ছে না। কিন্তু স্কিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ বলেই বাংলাদেশের ব্যাটসম্যানরা কেউ সেটই হতে পারলেন না।বড় স্কোর গড়ার অপরিহার্য শর্ত পার্টনারশিপ। অথচ বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ পার্টনারশিপটিই মাত্র ৩৬ রানের। সাকিব ও নাসিরের সেই যুগলবন্দী ভাঙার পর চোখের পলকে ইনিংস শেষ। ২৪ রানে পড়েছে শেষ ৫ উইকেট।আজব এই ম্যাচে ৩৬ রানের পার্টনারশিপটিকেও ‘মাত্র’ বলা ঠিক হচ্ছে না। ম্যাচের সর্বোচ্চ পার্টনারশিপও যে এটিই! পাকিস্তানের উদ্বোধনী জুটিতেও ঠিক ৩৬ রানই। এরপরই ম্যাড়মেড়ে সমাপ্তির দিকে এগোতে থাকা ম্যাচটা যেন জাদুমন্ত্রবলে প্রাণ ফিরে পেল! ৮ রানের মধ্যে টপাটপ পড়ে গেল পাকিস্তানের ৪ উইকেট!আফ্রিদির ক্যাচটা না পড়লে ৪ রানের মধ্যে আরও দুই উইকেট পড়ে। শেষ পর্যন্ত সেই আফ্রিদিই সাকিবকে পরপর তিনটি চার মেরে ম্যাচের উত্তেজনায় জল ঢেলে দিলেন। সাকিবের পরের ওভারে জয়সূচক বাউন্ডারিটিও তাঁর ব্যাট থেকেই।বোলিংয়ে ৫ উইকেট নিয়েই ম্যাচ-সেরার ট্রফিটা নিশ্চিত করে ফেলেছিলেন। সেটি আরও নিশ্চিত হলো অপরাজিত ২৪ রানের ইনিংসে। ২৪ রান আর এমন কি! এই ২৪-ই যে এই ম্যাচের সর্বোচ্চ স্কোর!আজব ম্যাচ কি আর এমনিতেই বলছি!বাংলাদেশ: ৩০.৩ ওভারে ৯১পাকিস্তান: ২৫.৪ ওভারে ৯৩/৫ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী