স্পিনাররা ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক এগিয়ে নিয়ে যাবেন। এমনটাই প্রত্যাশা করছেন কেভিন পিটারসেন। তবে ইংল্যান্ডের অধিনায়ক আবারও জানিয়েছেন, স্ত্রীর সন্তান হওয়ার সময় ইংল্যান্ডে ফিরে যাবেনই তিনি, এমনকি নিজে খেলার মাঠে থাকলেও। এ মাসের ১৫ বা ১৬ তারিখে তাঁর স্ত্রীর সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ মে। তার মানে, ইংল্যান্ড ফাইনালে উঠলেও থাকছেন না পিটারসেন। বাংলাদেশ ছাড়া ইংল্যান্ডই একমাত্র টেস্ট খেলুড়ে দল যারা কোনো বিশ্বকাপের শিরোপার দেখা এখনো পায়নি। পরশু সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অধরা বিশ্বকাপের অভিযানে নামছে ইংল্যান্ড। গায়ানার ধীর গতির পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন বলে নিজেদের এগিয়ে রাখছেন পিটারসেন। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলছেন, ‘আমাদের ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দলে গ্রায়েম সোয়ানের মতো প্রথম সারির স্পিনার রয়েছে। এখানে দুটি প্রস্তুতি ম্যাচে অসাধারণ খেলেছে মাইকেল ইয়ার্ডি। আমি মনে করি, গায়ানার উইকেট আমাদের জন্য সুবিধারই হবে।’প্রথম সন্তানের বাবা হওয়ার সময় স্ত্রীর পাশে থাকা ইংল্যান্ডের ক্রিকেটোরদের মধ্যে এক ধরনের রীতি হয়ে দাঁড়িয়েছে। ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলেন নি অ্যান্ড্রু স্ট্রস। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ টেস্ট ছেড়ে দিয়েছিলেন ম্যাট প্রায়র। এই রীতিতে খুশি পিটারসেন। তিনি বলেন,‘ প্রথম সন্তান হওয়ার মুহূর্তটি যে কারো কাছে অবিশ্বাস্যরকম আকাঙ্খার। টুর্নামেন্টের কী হবে এ নিয়ে আমি ভাবার পক্ষে নই। আমি দেশে ফিরবই। দলের ম্যানেজমেন্টকেও বিষয়টি জানিয়ে রেখেছি।’