স্পিনে রোমাঞ্চিত কানেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বকাপ’ তাঁর জন্য ‘আক্ষেপ’-এর প্রতিশব্দ। গত বিশ্বকাপে দলে থেকেও মাত্র খেলেছিলেন দুটো ম্যাচ। এর পর তো পাকিস্তানের প্রথম রাউন্ডেই বিদায়। একই সঙ্গে ‘বিদায়’ হয়ে গেছে দানিশ কানেরিয়ারও। ২০০৭ বিশ্বকাপের পর আর ওয়ানডে দলে ডাকই পাননি। এই বিশ্বকাপেও তাই এই লেগ স্পিনার স্রেফ দর্শক। আক্ষেপের তাই শেষ নেই। তবে মনটা একটু একটু করে ভালোও হচ্ছে টেস্টে ২৬১ উইকেটের এই মালিকের। এই বিশ্বকাপে যে স্পিনারদের জয়জয়কার!উপমহাদেশে বিশ্বকাপ, এখানকার স্লো ও টার্নিং উইকেটে স্পিনাররাই রাজত্ব করবেন—বিশ্বকাপ শুরুর আগে থেকেই সবাই বলে আসছিল এটা। উপমহাদেশের বাইরের দেশগুলোও নিয়ে এসেছে সেই প্রস্তুতি। অনুমান মিথ্যা হয়নি। পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান—স্পিনাররা সবাই ভালো করছেন। এমনকি পার্টটাইম স্পিনার যুবরাজ সিংও আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়েছেন পাঁচ উইকেট।উইকেট প্রাপ্তিতে নয়, কানেরিয়া সবচেয়ে বেশি রোমাঞ্চিত এই বিশ্বকাপে অনেক অধিনায়কই স্পিন দিয়ে বোলিং আক্রমণ শুরু করায়, ‘স্পিনারদের দিয়ে বোলিং ওপেন করানোটা দুর্দান্ত এক পরিকল্পনা। এটা কাজেও লাগছে।’ ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ বোলিং ওপেন করিয়েছেন স্পিনার দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইয়োহান বোথা ও ইংল্যান্ডের বিপক্ষে রবিন পিটারসন, দুজনেই পেয়েছেন সফলতা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিও বোলিং উদ্বোধন করিয়েছেন সুলেমান বেনকে দিয়ে। তবে নিজে লেগ স্পিনার বলে আফ্রিদি-তাহিরেই বেশি মুগ্ধ কানেরিয়া, ‘তাহির ও আফ্রিদির গুরুত্ব যে কী, তা তো এরই মধ্যে সবাই দেখতে পেয়েছে। দুজনেই খুব ভালো করছে।’ব্যাটসম্যানদের ওপর স্পিনারদের এমন শাসন দেখে রোমাঞ্চিত যেমন হচ্ছেন, তেমনি হয়তো আফসোসও হচ্ছে কানেরিয়ার—ইস্, আমি যদি খেলতে পারতাম এই বিশ্বকাপে! ওয়েবসাইট।