স্পিনের সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি যেন রণ পা চড়ে আসরে নামলেন। দৃষ্টি তাঁর দিকে ছুটে না গিয়ে পারে না। আবির্ভাবেই এক লেগ স্পিনার যদি ১০ ওভার বল করে ৪১ রান দিয়ে চার-চারটি উইকেট তুলে নেন বিশ্বকাপের মঞ্চে, তবে তাঁর দিকে ক্রিকেট কৌতূহল সময় নিয়ে না তাকিয়ে পারে না। অনেক দিন ধরেই দক্ষিণ আফ্রিকা দলে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল। অভিবাসীর নাগরিকত্ব-জটিলতা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে দারুণভাবে প্রমাণিত করে ইমরান তাহির স্মিথ-জ্যাক ক্যালিসদের সতীর্থ হয়েছেন। উপমহাদেশের স্পিন-সহায়ক উইকেটে তাঁর প্রয়োজনীয়তা দারুণভাবে বোধ করছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচেই তিনি সেই প্রয়োজন মিটিয়েছেন।বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারানোর অন্যতম কারিগর তাহির। মারকুটে ক্যারিবীয় ব্যাটিং অর্ডারের বিপক্ষে তাঁর ১০ ওভারের পরিসংখ্যান প্রমাণ করে যে কতটা অনুশীলনঋদ্ধ ব্যাটিং-বিনাশী ছিল তাঁর কবজি ঘোরানো। ডেভন স্মিথ, সারওয়ান, চন্দরপল আর টমাসের উইকেট সেই মেধাবী আত্মপ্রয়োগের পুরস্কার। অনিল কুম্বলের ১০ উইকেট নেওয়া মাঠে তাহিরের এই অভিষেক দ্যুতি যেন অগ্রজ বিশ্বত্রাস লেগ স্পিনারকেই সম্মান জানানোর ভাষা। তাহিরের বৃহস্পতিবারের পরিসংখ্যান দক্ষিণ আফ্রিকার পক্ষে অন্যতম সেরা অভিষেকীয় বোলিং। এই বোলিং তাঁকে দলে দীর্ঘদিন স্থায়িত্ব দেবে।বিশেজ্ঞরা যেমন বলেছেন, এই বিশ্বকাপটা স্পিনারদের প্রতিযোগিতাই হয়ে উঠছে ক্রমে ক্রমে। ইমরান তাহিরের আবির্ভাবের আগের দিন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি কেনিয়ার বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে পাকিস্তানের সেরা বোলিং নথিভুক্ত করেছেন। দুজন লেগ স্পিনার বিশ্বকাপের মঞ্চ কাঁপালেন। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়টি। লেগ স্পিনাররা এমনিতেই বিরল প্রজাতির ক্রিকেটার। বিশ্বমানের লেগ স্পিনারদের তালিকা কোনো সময়ই লম্বা নয়। পর পর দুই দিন দুজনকে ভালো করতে দেখে মনে হচ্ছে লুপ্তপ্রায় শিল্পটা মুখ ভাসাতে শুরু করেছে। ব্যাপারটা আমাদের আশরাফুলকেও উজ্জীবিত করতে পারে। উচ্চমানের লেগ স্পিনার উচ্চহারে আসেন না। এমনিতে চাবি দিয়ে তালা খোলার ভঙ্গিতে উল্টো কবজি ঘোরানোটা স্বাভাবিক প্রক্রিয়া নয়। ব্যক্তিগত আগ্রহে এ কাজে ঝুঁকতে হয় এবং আয়ত্ত করতে হয় প্রাসঙ্গিক কৌশলের বৈচিত্র্য। বোলিংয়ের অন্যান্য শাখার চাইতে লেগ স্পিনে কুশলী হয়ে উঠতে অনুশীলনের প্রয়োজনীয় মাত্রা অনেক বেশি। প্রকৃতিপ্রদত্ত প্রতিভার অপেক্ষা রাখে এই শিল্প। উৎসাহী ছাত্র মাত্রই এগোতে পারে না। অন্য দিকে উৎসাহী ক্রিকেট বিশ্ব অপেক্ষায় থাকে শেন ওয়ার্ন-কুম্বলের পর, নিদেন পক্ষে আফ্রিদির পর তেমন কাউকে দেখার জন্য। ইমরান তাহিরকে জানায় স্বাগত।দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা তো দুই ইনিংসেই স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে। তবে এক দিক থেকে মাত্র। উপমহাদেশীয় এই বিশ্বকাপ কি নতুন বলে দুই দিক থেকে স্পিনও দেখিয়ে দেবে! মন্দ হয় না ব্যাপারটা। এ ক্ষেত্রে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নিলেও নিতে পারে।