স্পেন সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে গণ-বিক্ষোভ অব্যাহত
সরকারের অর্থনৈতিক নীতি ও ব্যাপক বেকারত্বের বিরুদ্ধে স্পেনের রাজধানী মাদ্রিদে নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার তরুণ-তরুণী বিক্ষোভ করছেন। দেশটির অন্যান্য শহরেও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির অর্থনীতি নিয়ে হতাশ তরুণ-তরুণীরা গত কয়েকদিন ধরে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ করছেন। মূলত ব্যাপক বেকারত্ব, উচ্চপর্যায়ে দুর্নীতি ও দেশটির রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে আস্থাহীনতার কারণেই এ বিক্ষোভের সূত্রপাত। বিক্ষুব্ধ তরুণ-তরুণীরা মনে করছেন, সরকারের অর্থনৈতিক নীতি পুঁজির স্বার্থরক্ষা করছে, সাধারণ মানুষের নয়।বিবিসি জানিয়েছে, মাদ্রিদে শনিবারের বিক্ষোভ ছিল এ যাবত্কালের মধ্যে সবচেয়ে বড়। আজ রোববার সেখানে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে দেশটির নির্বাচন কমিশন রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে চলমান এ বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী সমবেত হন। স্পেনের নির্বাচন কমিশন বলেছে, গতকাল মধ্যরাতেই এই বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়া উচিত ছিল। কারণ আজ সেখানে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ভোট দেওয়ার আগে মানুষ যাতে একটু চিন্তাভাবনার অবকাশ পায়। কিন্তু পুলিশ এখন পর্যন্ত এই বিক্ষোভ ছত্রভঙ্গ করার কোনো উদ্যোগ নেয়নি।প্রসঙ্গত, স্পেনে যুব সম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার প্রায় ৪৫ শতাংশ।