স্পেনে ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ১৭
স্পেনের বার্সেলোনা শহরের কাছে ক্যাসলডিফেলস প্লায়া স্টেশনে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেনের আঘাতে ১২ জন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছে। একদল তরুণ-তরুণী বার্ষিক সেন্ট জনস ডে গ্রীষ্ম উৎসবে অংশ নিতে যাওয়ার সময় গতকাল বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।রাষ্ট্রীয় বেতার এসইআর জানায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন টিভিই জানায়, কয়েক ডজন লোক আন্ডারপাস ব্যবহার না করে একটি অননুমোদিত স্থান দিয়ে বার্সেলোনা ও অ্যালিকান্টের মধ্যবর্তী রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।রেললাইন পার হয়ে যেতে সক্ষম হন এমন এক যুবক এসইআরকে জানান, তাঁদের দলটি একটি ট্রেন থেকে নামে এবং ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যায়। ফার্নান্দো নামের ওই তরুণ বলেন, ‘ঠিক ওই সময় উল্টো দিক থেকে একটি ট্রেন এসে প্রত্যেককে চাপা দেয়।’উদ্ধারকর্মীরা এসে দেখেন, স্টেশনের দুর্ঘটনাস্থলে মৃতদেহের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। গ্রীষ্ম উৎসব উপলক্ষে গতকাল কয়েক শ তরুণ-তরুণী উত্তর-পূর্ব স্পেনের সমুদ্রসৈকতে সমবেত হয়। স্পেনের বেশির ভাগ এলাকায় সেন্ট জনস ডে উপলক্ষে ২৪ জুন সরকারি ছুটি থাকে এবং ঐতিহ্যগতভাবে আগের রাতে ‘বহ্নুৎসবের’ মধ্য দিয়ে দিনটির উদযাপন শুরু হয়।২০০৩ সালে মধ্য স্পেনের চিনচিলা শহরের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার পর এ দুর্ঘটনা স্পেনের সবচেয়ে বড় ট্রেন ট্র্যাজেডি।—রয়টার্স