স্পেনে দাবানলে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের দক্ষিণাঞ্চলে আলভিরিয়া এলাকায় গতকাল শুক্রবার ছড়িয়ে পড়া দাবানলে একজনের মৃত্যু হয়েছে। সেখানকার কোস্টা দেল সলের জনপ্রিয় অবকাশকেন্দ্র মার্বেলা রিসোর্ট ও এর আশপাশের এলাকা থেকে প্রায় চার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি অনলাইন ও আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।খবরে বলা হয়, গতকাল সকালে মার্বেলা রিসোর্টে দাবানলের আগুন গিয়ে পৌঁছায়। এরপর প্রায় ১২ কিলোমিটার এলাকায় এ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় রিসোর্টের আশপাশের এলাকা দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।শেষ খবর পাওয়া পর্যন্ত দাবানলের আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। ওজেন এলাকার কাছাকাছি একটি জায়গা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আহত আরও পাঁচ ব্যক্তিকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।দাবানলের কারণে মার্বেলার আশপাশের এলাকা, ওজেন ও আলপুজাতা এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।দাবানলের আগুন নেভাতে কাজ করছেন কয়েক শ দমকলকর্মী। একই সঙ্গে ৩১টি বিমান ও হেলিকপ্টারসহ জরুরি সেনা সহযোগিতার ব্যবস্থাও রাখা হয়েছে। স্পেনে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাসের কর্মকর্তারা জানান, স্প্যানিশ কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তাঁরা।