স্পেনে বন্যায় মৃত্যু ৭
স্পেনে অতি বর্ষণে সৃষ্ট বন্যায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, বন্যার পানিতে রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পানির প্রবল তোড়ে গাড়ি ভেসে যাচ্ছে। শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। বন্যায় সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মালাগা, আলমেরিয়া ও মুরসিয়া প্রদেশের বিভিন্ন এলাকা। দেশটির কর্মকর্তারা জানান, মালাগা ও আলমেরিয়া প্রদেশের আন্দালুসিয়া এলাকার বাড়িঘর থেকে কমপক্ষে ৬০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।সরকারের একজন মুখপাত্র জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে মালাগা প্রদেশে প্রায় ৮০০ জন কর্মী কাজ করছেন। এক সপ্তাহ ধরে স্পেনের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণ ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত আছে। বর্ষণের কারণে ওই অঞ্চলে খরা ও অস্বাভাবিক তাপমাত্রা কমেছে। এর আগে এ অঞ্চলে বেশ কয়েকটি দাবানল হয়।