স্পেনে ব্যয় হ্রাস নিয়ে বিক্ষোভ, সংঘর্ষ
স্পেনে সরকারের কৃচ্ছ্রনীতির বিরুদ্ধে আন্দোলনে নামা বিক্ষোভকারীদের সঙ্গে গতকাল মঙ্গলবার পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অনেক লোক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়েছে, রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে বাধা পেরিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট ছোড়ে। একই সঙ্গে তাঁদের লাঠিপেটা করে।স্পেনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে প্রায় ২০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। স্পেন সরকার নতুন করে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়ায় ‘ওকুপাই কংগ্রেস’ নামের এই বিক্ষোভের শুরু। আগামী বৃহস্পতিবার নতুন করে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে ২০১৩ সালের খসড়া বাজেট প্রকাশ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এই পরিকল্পনার আওতায় বাজেটের ঘাটতি আরও কমানোসংক্রান্ত সংস্কার পদক্ষেপ নেবে স্পেনের সরকার।দেশটি গত তিন বছরের মধ্যে দ্বিতীয় দফায় অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছে। স্পেনে বেকারত্বের বর্তমান হার প্রায় ২৫ শতাংশ। স্পেনের নাগরিকেরা এত দিন সরকারের কাছ থেকে বিনা খরচে স্বাস্থ্যসেবা পেয়ে আসছিলেন। প্রতিবছর এ খাতে সরকার বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে। সামগ্রিকভাবে দেশটি এখন ঋণে জর্জরিত। পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নানা কাটছাঁট কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর প্রভাব পড়েছে স্বাস্থ্য খাতে। স্পেনের ভ্যালেন্সিয়া শহরের অধিকাংশ সরকারি ওষুধ এখন শেষ পর্যায়ে। চিকিত্সকের পরামর্শপত্র অনুযায়ী এখন আর পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না রোগীরা। এতে সেখানকার অসুস্থ ব্যক্তিরা বিপাকে পড়েছেন। আগে যাঁরা বিনা অর্থে ওষুধ পেতেন, এখন ওষুধের জন্য গাঁটের অর্থ খসাতে হচ্ছে তাঁদের।