স্পেনের মার্বেলায় ভয়াবহ দাবানল
স্পেনের দক্ষিণাঞ্চলে আলভিরিয়া এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানকার কোস্টা দেল সলের জনপ্রিয় অবকাশকেন্দ্র মার্বেলা রিসোর্টে এই আগুন গিয়ে পৌঁছেছে। আজ শুক্রবার সকালের দিকে দাবানলে রিসোর্টটি ক্ষতিগ্রস্ত হয়। খবর বিবিসির।মার্বেলা রিসোর্টের আশপাশের এলাকা দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। প্রায় ১২ কিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। মার্বেলা রিসোর্ট থেকে হাজার হাজার লোক সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে। দাবানলে দুজন আহত হয়েছে।স্পেনের এল পাইস নিউজ ওয়েবসাইটের খবরে জানা গেছে, ২৫০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ করছেন। ১৭টি বিমান এ কাজে ব্যবহার করা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মালাগা ও সিয়েরা নেগরা এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। এতে এপি ৭ সড়কের সঙ্গে অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দাবানলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।