স্পেসস্যুট ও জিরাফের মিলটা যেখানে
মহাকাশ অভিযানের সময় নভোচারীদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে একটি হলো, যখন পায়ে রক্ত চলার দিকে মহাকাশযানের ত্বরণ কাজ করতে থাকে, তখন শরীরে একই সঙ্গে দুটি ঘটনার সূত্রপাত হয়। প্রথমত, পায়ে রক্তের পরিমাণ অনেক বেড়ে যায়, পা ফুলে অনেক ভারী হয়ে যায়। একে বলা হয় এন্ডেমা (Endema)। পায়ের এই অতিরিক্ত রক্ত আসে মস্তিষ্ক থেকে। ফলে মস্তিষ্কে তখন রক্তশূন্যতা হয়। অর্থাৎ মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয়। একে বলা হয় হাইপোক্সিয়া (Hypoxia)এ সমস্যা রোধ করতে তাই বিজ্ঞানীরা এক অভিনব কৌশল অবলম্বন করেন। তাঁরা নভোচারীদের পোশাকের কাপড়ের বাইরে ও ভেতরের মধ্যে জল রেখে দেন। ফলে রক্ত নিচে এসে পা মোটা করার চেষ্টা করলেও পা মোটা হতে পারে না। রক্ত সহজে নিচে আসতে পারে না। ফলে মস্তিষ্কেও রক্তের অভাব হয় না। ত্বরণের প্রভাব কমানোর জন্য এ রকম পোশাক ব্যবহার করা হয় বলে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন জি-স্যুট। আধুনিককালে জি-স্যুট সাধারণত যুদ্ধ বৈমানিকেরা ব্যবহার করেন। আর নভোচারীরা ব্যবহার করেন স্পেসস্যুট। স্পেসস্যুটে ত্বরণ-প্রভাব কমানোর সুবিধা ছাড়াও আরও অনেক কিছু থাকে। বর্তমানে বিজ্ঞানীরা সরাসরি টাইট জিনস প্যান্ট ব্যবহার করারও চেষ্টা করছেন। বিজ্ঞানের এ ব্যাপারটি প্রকৃতিতেও দেখা যায়। শরীরের মধ্যে থাকা মস্তিষ্ক ও হূৎপিণ্ডের অবস্থান হিসেবে নিলে প্রায় সব প্রাণীই আনুভূমিক। অর্থাৎ মস্তিষ্ক ও হূৎপিণ্ডের উচ্চতা প্রায় একই। তাই হূৎপিণ্ড খুব সহজেই মস্তিষ্কে রক্ত সঞ্চালন করতে পারে। কিন্তু মানুষ ও জিরাফের ব্যাপারটা ভিন্ন। জিরাফের হূৎপিণ্ড মাটি থেকে প্রায় সাত ফুট উচ্চতায় থাকে। আর মস্তিষ্ক থাকে ১৯ ফুট উচ্চতায়। এখন সমস্যা মূলত তিনটি—১. এত উচ্চতায় রক্ত কীভাবে সঞ্চালিত হয়? ২. রক্ত যদি কোনো কারণে পায়ে আসে, সেক্ষেত্রে কেন এন্ডেমা হয় না? ৩. যখন জিরাফ মাথা নামায় তখন চাপের তারতম্য কমে গিয়ে মস্তিষ্কে অতিরিক্ত রক্ত চলে যেতে পারে। এটা জিরাফ কীভাবে সামাল দেয়। প্রথম প্রশ্নের সমাধান করেন জার্মান বিজ্ঞানী আর এইচ গোয়েট। তিনি দেখতে পান, ১২ ফুট উচ্চতায় রক্ত সঞ্চালন করার জন্যই জিরাফের হূৎপিণ্ডের ভর মানুষের হূৎপিণ্ডের ভরের প্রায় ২৫ গুণ। একই সঙ্গে জিরাফের রক্তচাপ মানুষের রক্তচাপের দ্বিগুণের চেয়েও বেশি। সব প্রাণীর মধ্যে জিরাফের রক্তচাপ সবচেয়ে বেশি। দ্বিতীয় প্রশ্নের সমাধানটা পোশাকের মধ্যে জল রাখার মতোই। একে তো জিরাফের চামড়া অন্য প্রাণীদের চেয়ে অনেক পুরু, তার ওপর আবার পায়ের দিকে চামড়া ও রক্তনালির মধ্যে একধরনের আন্তঃকোষীয় তরল পদার্থ থাকে। এর ফলে প্রয়োজনের চেয়ে বেশি রক্ত পায়ে সঞ্চালিত হতে পারে না। আর মাথা নামানোর ব্যাপারে দেখা যায়, জিরাফের রক্তনালি এক বিশেষ ধরনের শিরা। এর নাম জাগুলার ভেইন। এর ভেতর অনেক ভাল্ব থাকে। মাথা নামালে মাথার দিকে চাপ কমে যায় এবং এই ভাল্বগুলো বন্ধ হয়ে যায়। ফলে মাথায় রক্ত সঞ্চালনের পরিমাণ বেশ কমে যায়। আবার যখন জিরাফ মাথা উঠিয়ে দাঁড়ায় তখন রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য, এই প্রবন্ধটি পড়ে কেউ কেউ ধারণা করতে পারেন, জি-স্যুটের ধারণা হয়তো প্রকৌশলীরা জিরাফের কাছ থেকেই নিয়েছেন। আমাদের প্রকৌশলীদের এত কম সৃজনশীল ভাবার কারণ নেই। জি-স্যুট প্রচলনের প্রায় ১০ বছর পর ১৯৪৫ সালের দিকে জিরাফের পায়ে আন্তঃকোষীয় তরল পদার্থ থাকার ব্যাপারটি নিশ্চিত হয়।সুব্রত দেব নাথ