স্বচ্ছ-অস্বচ্ছের পার্থক্য করাই মুশকিল: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমাদের সমাজ অনেক দিন ধরেই দুর্নীতিগ্রস্ত। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, কোন কাজটা স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে আর কোনটা অস্বচ্ছ—সেটার পার্থক্য করাই এখন মুশকিল হয়ে পড়েছে।’আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। ‘বিভিন্ন প্রকল্পের তৃতীয় পক্ষের মূল্যায়ন’-সংক্রান্ত বিশ্বব্যাংকের একটি প্রকল্পের বিষয়ে জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে এর আয়োজন করে বিশ্বব্যাংক, মানুষের জন্য ও এফিলিয়েটেড নেটওয়ার্ক ফর সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি (এএনএসএ)।দুর্নীতিকে একটি রোগ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সুবিধাভোগী, দুর্নীতিবাজ বিশ্বের সব দেশেই আছে। সুযোগ পেলেই তারা দুর্নীতি করে।’ সৈয়দ আশরাফ বলেন, স্থানীয় পর্যায়ে বেশকিছু প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয় কিছু এনজিওকে দায়িত্ব দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, তারা ঠিকমতো কাজ করেনি। সৈয়দ আশরাফ বলেন, দেশে মাঝেমধ্যে স্বচ্ছতার চর্চা করা খুবই ঝামেলাপূর্ণ ব্যাপার। কারণ, অনেক দিন ধরেই সমাজে অস্বচ্ছতা বিরাজ করছে। এই অবস্থার পরিবর্তন করা খুবই কঠিন। তিনি বলেন, সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই সব কাজ স্বচ্ছতার সঙ্গে করার চেষ্টা করছে। এ সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করছে না। তিনি বলেন, স্বচ্ছতা, তদারকি ও সুশাসনের মূল স্তম্ভ হচ্ছে গণতান্ত্রিক সরকারব্যবস্থা। অন্য কোনো পন্থায় সুশাসন আসতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।