স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া আইনে রয়েছে
সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্রসচিব ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের আওতায় এ অপরাধের বিচারকে শুধু যুদ্ধাপরাধীর বিচার বলা উচিত নয়। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে সম্পন্ন বিচার। এ আইনে যে মৌলিক অপরাধের কথা বলা হয়েছে, এর মধ্যে যুদ্ধাপরাধ একটা অংশ। ১৯৭৩ সালের আইনটি অত্যন্ত স্বচ্ছ। এ আইনটির খসড়া চূড়ান্ত প্রক্রিয়ায় আমি ছিলাম। আইনটি করার সময় নুরেমবার্গ ট্রাইব্যুনালের দুজন প্রসিকিউটরের সহযোগিতা নেওয়া হয়েছিল সেই সময়। তবে কিছু ক্ষেত্রে নুরেমবার্গ ট্রাইব্যুনালের চেয়েও শক্তিশালী স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া এ আইনে রয়েছে। এ আইনের সংশোধনীতে কোনো দোষী ব্যক্তিকে আপিল বিভাগে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। এ রকম স্বচ্ছ প্রক্রিয়া বিশ্বের অন্যান্য যুদ্ধ-সংক্রান্ত অপরাধের বিচারে রাখা হয়নি। তাই এ আইনটি অনেক যুগোপযোগী বলা যায়। আইনটির খসড়ায় প্রণয়ন কমিটিতে ১৩ জন ছিলেন। সবার মতামত ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা করেই প্রণয়ন করা হয়েছে। এ আইনের অধীন তদন্ত-প্রক্রিয়া কেমন হবে, কী প্রক্রিয়ায় হবে, বিচার কীভাবে হবে—এর পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে। এখন ট্রাইব্যুনালের নিজস্ব বিচারিক কর্মপদ্ধতি বা পদ্ধতি নিজেরাই ঠিক করতে হবে। তদন্তের জন্য কোনো সময় নির্ধারিত হয়নি। তবে ট্রাইব্যুনাল যদি মনে করে, কীভাবে বিচার সম্পন্ন করলে এর তদন্ত-প্রক্রিয়া বেগবান হবে, তা তারা নিজেরা স্বাধীনভাবেই নিতে পারবে। এখানে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নেই। বিচারক অপসারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এখনকার প্রেক্ষাপটে বিচারক অপসারণের কোনো প্রসঙ্গ আসবে বলে মনে হয় না। এ আইন একটি সমন্বয় করা আইন। এখানে বিচারক অপসারণের প্রক্রিয়া বা প্রয়োজন হবে বলে আশা করি না। নুরেমবার্গ ট্রাইব্যুনালে যদিও বিচারক অপসারণের প্রস্তাব করা হয়েছিল, তবে এ ক্ষেত্রে সবারই পর্যবেক্ষণ থাকবে। বিচার যখন শুরু হবে, তখন পর্যবেক্ষণ করে একটি উপায় নির্ধারণ করা যাবে। এ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া হাইকোর্ট বিভাগের চেয়ে ভিন্ন। শুধু এর রায়ের বিরুদ্ধে আপিল চলবে আপিল বিভাগে। এটি একটি স্বাধীন ট্রাইব্যুনাল। এ ক্ষেত্রে জামিন, মামলা স্থগিত করার কোনো বিষয় অন্তর্ভুক্ত নয়। হাইকোর্টের বিচারপতিদের মতো অপসারণের প্রক্রিয়ার বিষয়টি এখানে বলবত্ হবে না। এ আইনে স্বচ্ছতার মধ্য দিয়ে বিচার-প্রক্রিয়া সম্পন্ন করার সবকিছুই অন্তর্ভুক্ত আছে।