স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর সংকট। প্রায় সব প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে নানা ধরনের অভিযোগ। কেউ ছিলেন খুনের মামলার আসামি, আবার কারও কারও বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ।নবগঠিত এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে প্রার্থীদের এমন ভাবমূর্তি নিয়ে উদ্বিগ্ন কুমিল্লাবাসী। অনেক নাগরিকই প্রথম আলোর কাছে তাঁদের এ উদ্বেগের কথা জানিয়েছেন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লাবাসীর স্বপ্ন পূরণ করতে পারে, এমন ভালো মেয়র পদপ্রার্থী নেই। এটা আমাদের জন্য দারুণ হতাশার খবর।’খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি দল আওয়ামী লীগের হয়ে মেয়র পদে লড়তে তৎপর হয়েছেন পাঁচ প্রার্থী। তফসিল ঘোষণার পর দেয়ালে দেয়ালে তাঁদের পোস্টার শোভা পাচ্ছিল। তাঁরা হলেন—কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ওমর ফারুক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নূর-উর রহমান মাহমুদ।বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ নেবে না ঘোষণা দিলেও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মনিরুল হক আগে থেকেই মাঠে সক্রিয়। গতকালও তিনি প্রচারে ছিলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ ও জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদও সক্রিয় আছেন।জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গতকাল পর্যন্ত মেয়র পদে তিন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। ভোট গ্রহণ ৫ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনয়নপত্র না কিনলেও অনেক প্রার্থী ভোটারদের কাছে যাচ্ছেন। তাঁরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমীর আলী চৌধুরী বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারেই নিখুঁত প্রার্থী পাওয়া দুরূহ ব্যাপার। টাকাওয়ালাদের ভয়ে ভালো প্রার্থীরা আসতে চান না। যাঁরা এসেছেন, তাঁরা অতীত থেকে শিক্ষা নিলে কুমিল্লাবাসী উপকৃত হবে।’এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত সম্ভাব্য প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান। তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৯৯৮ সালে ঠাকুরপাড়া এলাকার শংকর দাস হত্যা, সমবায় ব্যাংকের দুর্নীতির মামলা ও কুমিল্লা মডার্ন হাইস্কুলের দুর্নীতির মামলা ছিল। তা ছাড়া ১৯৮৯ সালে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার কারণে দলে তিনি সমালোচিত। জরুরি অবস্থা জারির সময় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।আফজল খানের ছেলে আরমান খান জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। আরমানের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা বিচারাধীন। পুলিশের তালিকায় আরমান পলাতক আসামি।এ বিষয়ে জানতে চাইলে আফজল খান প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। আগে যা ছিল সব রাজনৈতিক। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাকে না পেয়ে তারা আমার স্ত্রীকে গ্রেপ্তার করেছিল। এসব ছিল ষড়যন্ত্র।’আওয়ামী লীগের অপর সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নূর-উর রহমান মাহমুদের বিরুদ্ধে ২০০১ সালের ১৭ জুলাই ছাত্রনেতা হত্যা মামলা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন তিনি। পরে অবশ্য আদালতের মাধ্যমে ওই মামলা থেকে তিনি অব্যাহতি পান।এ ব্যাপারে নূর-উর রহমান মাহমুদের বক্তব্য, তাঁর বিরুদ্ধে এখন কোনো মামলা নেই। তিনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।সচেতন নাগরিক কমিটি কুমিল্লার আহ্বায়ক শাহ মো. আলমগীর খান প্রথম আলোকে বলেন, ‘স্বচ্ছ ভাবমূর্তির মেয়র পদপ্রার্থী চাই। যাঁদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা নেই, তাঁদের প্রার্থী না হওয়াই শ্রেয়।’ বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মনিরুল হকের বিরুদ্ধে প্রবীর হত্যা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিজ্ঞানাগারে আগুন দেওয়া, আয়কর ফাঁকিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। তবে এসব মামলা এখন আর সক্রিয় নেই। ২০০৭ সালের ১১ জানুয়ারি থেকে মনিরুল হক আত্মগোপনে চলে যান। পরে ফিরে আসেন। ২০১০ সালের ১০ অক্টোবর শহরের কান্দিরপাড় এলাকায় যুবদলের সম্মেলনে তাঁর সমর্থিত ব্যক্তিরা অস্ত্রবাজির ঘটনা ঘটায় বলে পুলিশ জানিয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে মনিরুল হক বলেন, ‘আমার বিরুদ্ধে এখন কোনো মামলা নেই। আগে যা ছিল, সেগুলো রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক মামলা।’ জাতীয় পার্টির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ ১৯৮৯ সালের পৌরসভা নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে বোমাবাজি করেন বলে অভিযোগ আছে। জাতীয় পার্টি সরকারের আমলে তাঁর নেতৃত্বে কুমিল্লার পাড়ায় পাড়ায় ক্লাব গড়ে ওঠে। ওই ক্লাবের মাধ্যমে এলাকাভিত্তিক মাস্তানি শুরু হয়। তাঁর পক্ষে কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণে সদ্যবিলুপ্ত কুমিল্লা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকছিরুল বাশারের হাত উড়ে যায়। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার সঙ্গে কোনো সন্ত্রাসী নেই। ওই নির্বাচনে আমাকে হারানোর জন্য অন্যরা ভোটকেন্দ্রে ঝামেলা করেছে। পাড়ার ছেলেদের সাংস্কৃতিক কার্যক্রমকে বিকশিত করার জন্য ক্লাব করা হয়েছিল। অন্য কোনো কারণে নয়।’আরেক মেয়র পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ওমর ফারুকের বিরুদ্ধে ঠাকুরপাড়া এলাকায় ‘বড়ুয়া’ পরিবারের জায়গা দখল নিয়ে অভিযোগ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বিরুদ্ধে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই মামলা আর চলছে না। সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘আমি নিজে নির্বাচন করতে চাই। কাজেই এখন কোনো প্রার্থী সম্পর্কে মন্তব্য করা আমার ঠিক হবে না।’সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, ‘অন্যায় ও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত এমন নেতাকে মেয়র পদে আমরা দেখতে চাই না। আমরা সৎ, যোগ্য প্রার্থী চাই। প্রথম সিটি মেয়র ভালো না হলে কুমিল্লা পিছিয়ে পড়বে। মেয়র পদে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁদের অতীত কর্মকাণ্ড কুমিল্লাবাসী জানেন।’